২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস কে পালন করবে, কোথায় করবে—তা নিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে। ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’ দুই শিবিরই নিজেদের আসল দাবি করে সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে।
শনিবার তপসিয়ার একটি ব্যাঙ্কোয়েটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রাক্তন টিএমসি কাউন্সিলরদের বৈঠক হয়। বৈঠক শেষে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, “২১ জুলাই আমাদের আবেগ। আগে শহিদ পরিবার নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি। এবার আমরা শহিদ পরিবারকে সম্মান জানিয়ে সঠিকভাবে শ্রদ্ধা জানাব।” তিনি জানান, ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশ করতে চান। প্রশাসন অনুমতি না দিলে নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে ‘কালীঘাট-তৃণমূল’ সূত্রে খবর, গত কয়েক দশক ধরে যেভাবে পালন হয়, সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।
ভোটে বিপর্যয়ের পর তৃণমূল কার্যত দুই ভাগ। বিধানসভায় বিরোধী দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ কমেছে। এই অবস্থায় দলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি ২১ জুলাই নিয়েই শুরু হয়েছে দড়ি টানাটানি। আসল তৃণমূল কারা—সেই দ্বন্দ্ব মেটার আগেই শহিদ দিবস নিয়ে দুই শিবির মুখোমুখি।