কর্মক্ষেত্রের শৃঙ্খলা ভেঙে থানার ভিতরেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এক মহিলা কনস্টেবল। কন্ট্রোল রুমের সিসিটিভিতে ধরা পড়া সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে পুলিশ মহলে। ঘটনার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুরুষ কনস্টেবলকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের জালাউন জেলার ওরাই থানার। ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে, কন্ট্রোল রুমে কম্পিউটারের সামনে চেয়ারে বসে কাজ করছেন কনস্টেবল অরবিন্দ পটেল। সেই সময় এক মহিলা কনস্টেবল পিছন থেকে এসে তাঁর গলা জড়িয়ে ধরেন এবং একাধিকবার চুম্বন করেন। ভিডিওতে অরবিন্দকে চেয়ার ছেড়ে উঠে সরে যাওয়ার চেষ্টা করতেও দেখা গেছে। উল্লেখযোগ্য, দুজনেই তখন উর্দির বদলে সাধারণ পোশাকে ছিলেন।
বরখাস্ত পুরুষ কনস্টেবল, তদন্তের মুখে মহিলা সহকর্মী :
জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ বৃহস্পতিবার কনস্টেবল অরবিন্দ পটেলকে সাসপেন্ড করেছেন। ২৪ জুন, বুধবার রাতে নাইট শিফটে কন্ট্রোল রুমে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে।
সূত্রের খবর, অরবিন্দ ও ওই মহিলা কনস্টেবলের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাঁরা একই থানায় কর্মরত। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ ২০১৮ ব্যাচের কনস্টেবল, বর্তমানে কেরানির দায়িত্বে ছিলেন। বুধবার রাতে তিনি কম্পিউটারে কাজ করার সময় ওই মহিলা কনস্টেবল কন্ট্রোল রুমে ঢুকে হঠাৎই তাঁকে জাপটে ধরে চুম্বন করতে শুরু করেন।
ভিডিও ভাইরাল, শুরু বিভাগীয় তদন্ত:
‘শ্বেতাশর্মা’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ করে অরবিন্দকে সাময়িকভাবে বরখাস্ত করেন। একইসঙ্গে অভিযুক্ত মহিলা কনস্টেবলের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কর্মক্ষেত্রে, বিশেষত থানার মতো জায়গায় এই ধরনের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
তবে এই খবরের সত্যতা স্বাধীনভাবে muthokotha.in-এর পক্ষ থেকে যাচাই করা হয়নি।