মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লেভেল ক্রসিং খোলা, পুলকার-সাইকেলকে পিষে দিল ট্রেন
নিজস্ব প্রতিনিধি,১৭ জুলাই,বহরমপুর: খোলা লেভেল ক্রসিং। তার উপর দিয়েই পার হচ্ছিল স্কুলের পুলকার আর সাইকেল আরোহী। ঠিক তখনই যমদূতের মতো ছুটে এল নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সবকিছু মুহূর্তে নয় মধ্যেই তছনছ হয়ে গেল।
বহরমপুর থানার কর্ণসুবর্ণ গোবিন্দপুরের কাছে লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালের ঘটনা । নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রাথমিক খবর অনুযায়ী অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের প্রথমে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। একটি এক্সপ্রেস ট্রেন আসছিল দেখে পুলকারটি দ্রুত পিছিয়ে আসে। কিন্তু ততক্ষণে প্যাসেঞ্জার ট্রেনটি ঢুকে পড়ে। পুলকার ও সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি।
পুলকারে স্কুলের পড়ুয়ারাও ছিল বলে জানা গেছে। তবে ঠিক কতজন ছাত্র ছিল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ওই শাখার ADRM । সঙ্গে গেছে রেলের ট্র্যাফিক ও সিগন্যাল বিশেষজ্ঞদের টিম।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, “রেলের নিয়ম অনুযায়ী যেকোনো ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পয়েন্ট ম্যানকে গেট বন্ধ রাখতে হয়। এখানে কার গাফিলতি সেটা খতিয়ে দেখা হবে। কাউকে রেয়াত করা হবে না। জীবনের থেকে মূল্যবান আর কিছু নেই।”
রেল আরও জানিয়েছে, এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেনের জন্য আলাদা সিগন্যাল ব্যবস্থা নেই।