মহারাষ্ট্রে ফের স্কুলবাস দুর্ঘটনা, আহিল্যানগরে উল্টে গেল ৫০ পড়ুয়াবাহী বাস
আহিল্যানগর, মহারাষ্ট্র: স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। মহারাষ্ট্রের আহিল্যানগরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ৫০ জন ছাত্রছাত্রী বোঝাই বাসটি। দুর্ঘটনায় অন্তত ১৫ জন ছাত্র জখম হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি রাস্তার একপাশে সম্পূর্ণ উল্টে যায়। খবর পেয়ে সঙ্গে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। প্রশাসনের আধিকারিক ও উদ্ধারকারী দল পৌঁছে বাসের ভিতর থেকে আহত পড়ুয়াদের বের করে আনে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবহণ দফতর। চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি না কি রাস্তার অবস্থা দায়ী— সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের চেম্বুরে স্কুলবাসের উপর ৭০ বছরের পুরনো একটি বটগাছ উপড়ে পড়ে। তিলক নগরের একটি বেসরকারি স্কুলের ১৩ জন পড়ুয়া তখন বাসে ছিল। দুর্ঘটনায় ১১ বছরের বিহান শ্রীবাস্তব নামে এক ছাত্রের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন।
বিকেল ২টো ৫৮ মিনিট নাগাদ চেম্বুরের হেরিজেট প্রাইডের কাছে ১১ নম্বর রোডে ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিএমসি ও মুম্বই দমকল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সাহায্যে বাসের কন্ডাক্টর আটকে পড়া ছাত্রদের উদ্ধার করেন।
বিএমসি-র অ্যাসিস্ট্যান্ট কমিশনার শঙ্কর ভোঁসলে জানিয়েছিলেন, “গাছটির বয়স প্রায় ৭০ বছর। মে মাসে ছাঁটাই করা হয়েছিল। বাইরে থেকে ভালো মনে হলেও শিকড় পচে যাওয়াতেই সম্ভবত গাছটি উপড়ে পড়েছে।”
চলতি মাসে মুম্বইতে গাছ উপড়ে পড়ার এটি দ্বিতীয় ঘটনা। বিএমসি নিয়মিত পরিদর্শন করলেও রাস্তার ধারের পুরনো গাছগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে বর্ষায় জল জমে মাটি নরম হওয়া ও ঝোড়ো হাওয়ার কারণে গাছ উপড়ে পড়ার ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা পুরনো গাছের বৈজ্ঞানিক মূল্যায়নের দাবি তুলেছেন।