পটাশপুরের বারবাটিয়া হাই স্কুলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, সোমবার জন্মজয়ন্তী পালন
পটাশপুর, ৪ জুলাই: ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও জাতীয় অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২ ব্লকের বারবাটিয়া হাই স্কুল (এইচ.এস)।
শনিবার স্কুল প্রাঙ্গণে প্রায় ২০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার মিশ্র জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের পড়ুয়াদের পর্যায়ক্রমে তথ্যচিত্রটি দেখানো হয়েছে।
তথ্যচিত্রে তুলে ধরা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন, রাজনৈতিক সংগ্রাম, কাশ্মীর নীতি এবং সমাজসেবার নানা দিক।
প্রধান শিক্ষক আরও জানান, আগামী সোমবার ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ওইদিন সকাল ৮টায় বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় তাঁর জন্মজয়ন্তী পালন করা হবে। থাকবে বিশেষ আলোচনা সভা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ, ইতিহাস সচেতনতা এবং জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করবে।