কাঁচরাপাড়া, ৬ জুলাই ২০২৬: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কাঁচরাপাড়ার কৃতী ছাত্রী ঋত্বিকা সাহার। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋত্বিকা। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা জোনপুর রবীন্দ্রনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাইকের পিছনে বসে যাচ্ছিলেন ঋত্বিকা। কাঁচরাপাড়া পুরনো পোস্ট অফিসের সামনে উল্টো দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মারে। ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি।
প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঋত্বিকাকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
২০২৫ সালে ITI মেশিনিস্ট ট্রেডে ১২০০ নম্বরের মধ্যে ১২০০ পেয়ে সারা দেশে প্রথম হয়েছিলেন ঋত্বিকা সাহা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি। কাঁচরাপাড়ার মেয়ের এই সাফল্যে গর্বিত হয়েছিল গোটা বাংলা।
ঋত্বিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শোকবার্তা। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস ফেসবুকে লেখেন, ‘কিছু ছবির সামনে ভাষা হারিয়ে যায়, শব্দও হয়ে ওঠে অসহায়। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’
পাড়া-প্রতিবেশী থেকে শিক্ষক, সহপাঠী — সকলের মুখে একটাই কথা, “এভাবে চলে যাওয়ার কথা ছিল না মেয়েটার।”
পুলিশ ঘাতক লরিটির খোঁজে তদন্ত শুরু করেছে।