চারতলা বাড়ি ধস, মৃত ৬, ধ্বংসস্তূপে আটক আরও কয়েকজন
ভিওয়ান্ডি, মহারাষ্ট্র,muthokotha.in: গভীর রাতে বিকট শব্দ। ঘুম ভাঙতেই আতঙ্ক। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বৃহস্পতিবার রাতে হুড়মুড় করে ভেঙে পড়ল একটি চারতলা বসত বাড়ি। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এই ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।
স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ভিওয়ান্ডির ওই বাড়ির ‘বি উইং’ আচমকা ধসে পড়েছে। বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল, প্রতিটী তলায় ছিল কক্ষ ছিল ১২টি করে।
তবে পুরসভা সূত্রে খবর পাওয়া গেছে , ভবনটিকে আগেই ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দুর্ঘটনার সময় সেখানে মেরামতির কাজ চলছিল বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টা নাগাদ তাঁরা ভবনের ভিতর থেকে বিকট শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়েও নিয়ে যাওয়া হয়। কিন্তু সবাই বের হওয়ার আগেই বড় অংশটি হঠাৎই ভেঙে পড়েছে।
দমকল ও উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬টি দেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।মৃতদের বেশিরভাগই ভবনের মেরামতির কাজে যুক্ত শ্রমিক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর পাশাপাশি অবশ্য ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এক আহত কিশোরকেও উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে প্রশাসনের আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। তাই তল্লাশি ও উদ্ধার অভিযান জোর কদমে চলছে।
ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে NDRF, TDRF, দমকল ও পুলিশের যৌথ দল। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াড, ৪টি দমকলের গাড়ি, ২টি অ্যাম্বুলেন্স,ভারী ধ্বংসাবশেষ সরানোর যন্ত্র। আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাহিনী।
উদ্ধারের পাশাপাশি ভবন ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। নির্মাণে গাফিলতি ছিল কিনা, তা-ও তদন্ত করে দেখা হবে।
এক রাতের ব্যবধানেই ভিওয়ান্ডির এই আবাসন পরিণত হয়েছে শোকস্তূপে। ধ্বংসস্তূপের প্রতিটি ইট সরাতেই বাড়ছে উৎকণ্ঠা — আরও কোনও প্রাণ সেখানে চাপা পড়ে আছে কিনা।