১০ লক্ষ টাকার গয়না চুরি : সিসিটিভিতেই ফাঁস রহস্য, গর্ত খুঁড়ে উদ্ধার হিরের আংটি-হার, ধরা পড়লো চোর
৩০ জুলাই , muthokotha.in: কোথাও কোনো ভাঙচুর নেই, শাটার ভাঙা নেই, আলমারি খোলা নেই। অথচ দোকান থেকে উধাও প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হিরেখচিত সোনার গয়না। চোর ধরতে ধরতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন মালিক-কর্মচারীরা। শেষে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের চোখ কপালে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের তুমাকুরুর একটি স্বর্ণালঙ্কারের দোকানে। দোকান খুলেই মালিক দেখেন কয়েকটি দামি হিরের আংটি ও সোনার হার নেই। হিসাব করে দেখা গেল, প্রায় ১০ লক্ষ টাকার গয়না গায়েব হয়েছে। স্বাভাবিকভাবেই ‘খোঁজ খোঁজ’ রব ওঠে। দোকানের প্রতিটি কোণ তন্নতন্ন করে খোঁজা হয়। কিন্তু ভাঙচুরের একটুকু চিহ্নও নেই। তাহলে গেল কোথায়? বিভ্রান্ত হয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে প্রথমেই খতিয়ে দেখে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ। আর ফুটেজ দেখেই সকলে হতবাক। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, একটি ছোট্ট ইঁদুর একের পর এক গয়না টেনে নিয়ে যাচ্ছে। হিরের আংটি, সোনার হার — ঠোঁটে করে টানতে টানতে সেগুলিকে নিয়ে যাচ্ছে নিজের গর্তের দিকে।
মানুষের চোখকে ফাঁকি দিলেও ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারেনি ‘চোর’। ফুটেজে দেখানো পথ ধরেই কর্মীরা খুঁজে বের করেন ইঁদুরের গর্ত। এরপর শুরু হয় খোঁড়াখুঁড়ি। আর তাতেই মেলে আসল চুরি যাওয়া সম্পদ।
গর্তের ভেতর থেকে উদ্ধার হয় ১০টি হিরেখচিত সোনার আংটি এবং ৩টি সোনার হার-সহ নিখোঁজ সমস্ত গয়না। সব পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন দোকানের মালিক।
এই গোটা ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘রাহুল শেলকে’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পরই লাখ লাখ ভিউ। নেটাগরিকরা কেউ লিখেছেন, _”এ যেন সিনেমার স্ক্রিপ্ট”,কেউ আবার মজা করে বলেছেন,” ইঁদুরটার ফ্যাশন সেন্স বেশ ভালো বলতে হয়।”