এগরা কলেজে বেআইনি অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগে এফ.আই.আর : কাঠগড়ায় তৃণমূল নেতা ক্লার্ক
পূর্ব মেদিনীপুর: _ছাত্রছাত্রীদের কাছ থেকে বেআইনি অর্থ আদায় এবং সেই টাকা ভাগবাটোয়ারার অভিযোগে এবার এগরা কলেজের এক কর্মীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল পড়ুয়ারা। অভিযুক্ত ব্যক্তি কলেজের স্থায়ী লাইব্রেরি ক্লার্ক এবং একইসঙ্গে তৃণমূল নেতা বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজ ভাইরাল, এফআইআর দায়ের:
_সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে। ফুটেজে দেখা গেছে, কলেজের ‘কন্যাশ্রী’ কক্ষে বিপুল পরিমাণ নগদ টাকা নাড়াচাড়া করছেন ওই অশিক্ষক কর্মী। অভিযোগ, সেই টাকা তিনি টিএমসিপি-র সঙ্গে যুক্ত পিকু জানা, বুবাই জানা, প্রীতম মাইতি ও সংকেত আচার্য্যের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন।
_এই ঘটনার পর এবিভিপি-র ছাত্রছাত্রীরা এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রের সঙ্গেই সমস্ত ভিডিও ফুটেজ ও নথিপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
আগেও উঠেছিল অভিযোগ, ব্যবস্থা হয়নি:
_পড়ুয়াদের দাবি, ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরও অভিযুক্ত ক্লার্কের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে তাঁর বেআইনি কাজের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তৃণমূল ঘনিষ্ঠ বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে কর্মীদের হুমকি ও শারীরিক নিগ্রহ করা হয়েছে।
_এর আগেও কলেজে আর্থিক দুর্নীতি এবং জলের দরে কলেজের জমি বিক্রির অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ থাকায় বিষয়টি জেনেও কলেজ কর্তৃপক্ষ চুপ থেকেছে বলে অভিযোগ।
আতঙ্কে ক্যাম্পাস:
_এই ঘটনায় ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সর্বত্র আতঙ্কের ছায়া নেমে এসেছে বলে দাবি পড়ুয়াদের। এবিভিপি-র ছাত্রী সোনালী করণ ও নন্দিতা নায়করা দ্রুত নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রতিষ্ঠানের গরিমা ও স্বচ্ছতা বজায় রাখতে এবং পড়ুয়াদের শোষণের হাত থেকে বাঁচাতে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।
_সূত্র মারফত জানা গেছে, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।