অমরনাথ ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, ৫০ পুণ্যার্থী নিয়ে ২৫ মিটার গড়িয়ে বাড়ির চালে বাস
গান্দারবাল, জম্মু ও কাশ্মীর, ২৮ muthokotha.in: সোমে অমরনাথ দর্শন শেষ করে মঙ্গলে ভয়ংকর দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা। পবিত্র অমরনাথ ধাম দর্শন করে ফেরার পথে ৫০ জন পুণ্যার্থী নিয়ে একটি বাস উলটে গেল। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তবে কোনও প্রাণহানি হয়নি।
জম্মু ও কাশ্মীরের গান্দারবাল জেলার সোনমার্গ সড়কে মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি বালতাল বেস ক্যাম্প থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তা থেকে উলটে ২০ থেকে ২৫ মিটার নীচে গড়াতে গড়াতে গিয়ে শেষে একটি বাড়ির চালের উপর আছড়ে পড়ে।
খবর পাওয়া মাত্রই ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), CRPF ও জম্মু-কাশ্মীর পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
ITBP-র চিকিৎসকরা ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁদের কাছের হাসপাতালে পাঠানো হয়। আধিকারিকরা জানিয়েছেন, আহতদের বেশিরভাগেরই সামান্য আঘাত লেগেছে।
বর্তমানে ৩৯ জন আহত পুণ্যার্থী SKIMS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনার পরই জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা গান্দারবালের ডেপুটি কমিশনার ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি আহতদের খোঁজখবর নেন এবং নির্দেশ দেন, আহতদের যেন সর্বোচ্চ মানের চিকিৎসা ও সবরকম সহায়তা দেওয়া হয়।
নিরাপত্তা বাহিনী উদ্ধারকাজের পাশাপাশি ভিড় সামলানো ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার কাজও করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অমরনাথ যাত্রার মাঝেই এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।