১৮ বছরেই থামলো ‘জিয়া’র গল্প, গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন অভিনেত্রী
কলকাতা, ২২ জুলাই ২০২৬,muthoktha.in : আবারও বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্র সিরিজের জনপ্রিয় মুখ, মার্কিন অভিনেত্রী কেলি হটল মাত্র ১৮ বছর বয়সে প্রয়াত হলেন।
ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ডের ফ্রেডরিকে, মঙ্গলবার ভোর ৩টের দিকে। বিশেষ সূত্রে জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি সেতুতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর কেলিকে অতিদ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই থেমে যায় তাঁর পথচলা। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান এই তরুণ প্রতিভা। তাঁর গাড়ির চালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক খবরটি প্রথমে নিশ্চিত করেন কেলির বাবা জোশুয়া হটল। তিনি ফেসবুক লাইভে ‘আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ’ বা ASL-এর মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। পরে মার্কিন সংবাদমাধ্যম TMZ-কেও তিনি ঘটনার সত্যতা জানিয়েছেন।
কেলি হটল বিশ্বব্যাপী পরিচিতি পান ‘গডজিলা ভার্সেস কং’ এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে অভিনয় করে। এই দুই ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। জিয়া ছিল একজন বধির-মূক অনাথ মেয়ে, যার সঙ্গে কিং কং-এর এক অদ্ভুত ও মায়াবী সম্পর্ক দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল।
বাস্তব জীবনেও কেলি ছিলেন বধির। ২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “সংলাপ মুখস্থ করা কঠিন ছিল না, কিন্তু আমেরিকান সাংকেতিক ভাষায় সেগুলো ফুটিয়ে তোলাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
অসাধারণ অভিনয়ের জন্য ২০২৪ সালে ‘স্যাটার্ন অ্যাওয়ার্ডস’-এ ‘তরুণ অভিনেতার সেরা পারফরম্যান্স’ বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি। মাত্র ১৮ বছরেই হলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন কেলি।
কেলি ছিলেন টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এর সিনিয়র ছাত্রী। তাঁর মৃত্যুর খবরে স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, _“আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সিনিয়র ছাত্রী কেলি হটল মেরিল্যান্ডের ফ্রেডরিকে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা তাঁর পরিবার, বন্ধু এবং সকল অনুরাগীদের প্রতি রইল।”
একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ সকলকে গুজব না ছড়াতে এবং শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর আবেদন জানিয়েছেন।
ঝড়ের গতিতে এক ঝলকে আলো ছড়িয়েই নিভে গেল এক প্রতিভাবান তারার শিখা। কেলি হটলের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা হলিউড এবং তাঁর লক্ষ ভক্ত।