স্মার্টফোন না কেনায় ১৩ কোটি টাকা ফেরত চাইল আইসিডিএস : ১৩ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে নোটিস করলো দফতর
কলকাতা, ৫ জুলাই: পোশন অ্যাপে কাজের জন্য স্মার্টফোন কেনার টাকা নিয়েও ফোন কেনেননি রাজ্যের ১৩ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী। এবার তাঁদের কাছ থেকে ১৩ কোটির বেশি টাকা ফেরত চাইল নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের আইসিডিএস বিভাগ। কেন ফোন কেনা হয়নি, তার লিখিত কারণও জানতে চেয়েছে দফতর।
কেন দেওয়া হয়েছিল টাকা?—-
কেন্দ্রীয় পোশন ট্র্যাকার অ্যাপে প্রতিদিনের কাজ আপলোড করা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাধ্যতামূলক। সেই কারণে আগের সরকার প্রত্যেক কর্মীকে স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ করেছিল।
কতজন ফোন কেনেননি?—–
দফতর সূত্রে খবর, রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা ১ লক্ষের বেশি। এর মধ্যে ১ লক্ষ ৪ হাজার ২৮৪ জনের জন্য টাকা বরাদ্দ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ১৩ হাজারের বেশি কর্মী এখনও স্মার্টফোন কেনেননি।
দফতরের এক আধিকারিক জানান, প্রায় ৮৭.৫৪ শতাংশ কর্মী ফোন কিনে নিয়েছেন। বাকি প্রায় ১৩ শতাংশ কর্মীর কাছে হয় আগে থেকেই ফোন আছে, নয়তো তাঁরা আর কিনবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে।
কী নির্দেশ দফতরের?—-
যে সব ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীরা এখনও ফোন কেনেননি, সংশ্লিষ্ট সিডিপিওদের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের কাছ থেকে লিখিত কারণ সংগ্রহ করতে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন কেনা হল না, তার ব্যাখ্যা জমা দিতে হবে। পাশাপাশি যাঁরা ফোন কেনেননি, তাঁদের বরাদ্দের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কত টাকা ফেরত আসতে পারে?—
জনপ্রতি ১০ হাজার টাকা হিসেবে ১৩ হাজারের বেশি কর্মীর জন্য বরাদ্দ ছিল ১৩ কোটিরও বেশি টাকা। দফতরের অনুমান, পুরো টাকাটাই ফেরত আসতে পারে।
দফতরের বক্তব্য:—-
আইসিডিএস বিভাগের যুক্তি, স্মার্টফোন না থাকায় পোশন অ্যাপে কাজ আপলোড করতে সমস্যা হচ্ছিল। তাতে সামগ্রিক কাজ বিঘ্নিত হচ্ছিল। ছ’মাসের বেশি অপেক্ষার পর এবার টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।