অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? বাড়ি বাড়ি গিয়ে কারণ খতিয়ে দেখবে প্রশাসন, আশ্বাস মন্ত্রী মালতি রাভা রায়ের
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ৬ জুলাই ২০২৬: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বেশ কিছু আবেদনকারী। এরই মধ্যে বড় আশ্বাস দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। রবিবার তিনি জানান, কেন আবেদন বাতিল হয়েছে তা জানতে প্রশাসনের প্রতিনিধিরা সরাসরি আবেদনকারীদের বাড়ি যাবেন।
মন্ত্রী মালতি রাভা রায় বলেন, “অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলার আবেদন বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে নতুন করে খোঁজ নেওয়া হবে। প্রশাসনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন।”
তিনি আরও জানান, সমীক্ষার মাধ্যমে দেখা হবে ঠিক কোন কারণে আবেদন বাতিল হয়েছে। পাশাপাশি আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, সেটাও খতিয়ে দেখা হবে। মন্ত্রীর আশ্বাস, “যোগ্য উপভোক্তা কেউই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না।”
রাজ্যে সরকার বদলের পর পূর্ববর্তী তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম বদলে ‘অন্নপূর্ণা যোজনা’ করেছে নতুন বিজেপি সরকার। আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি মতো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত ১ জুলাই রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছে। এতে খুশির হাওয়া বইছে ঘরে ঘরে।
তবে কিছু আবেদনকারীর দাবি, ফর্ম জমা দেওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি। বিরোধীরাও এই ইস্যুকে হাতিয়ার করে সরকারের সমালোচনা করছে।
সেই প্রেক্ষিতেই বাতিল হওয়া আবেদনগুলি ফের খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী। প্রশাসনিক সমীক্ষায় কেউ যোগ্য বলে প্রমাণিত হলে তাঁকে প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
সরকারের দাবি, ঠিক কোথায় সমস্যা হয়েছে তা চিহ্নিত করতেই আবেদনকারীদের বাড়িতে পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।