বারুইপুর, ৫ জুলাই ২০২৬: বারো বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে রবিবার সকাল থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। বাড়ির কাছের পুকুর থেকে দেহ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে এক যুবককে মেরে ফেলেছে বলে অভিযোগ। ঘটনার জেরে রেল ও পথ অবরোধে স্তব্ধ সূর্যপুর এলাকা।
বারুইপুর থানার ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার ঘটনা। পরিবারের দাবি, শনিবার বিকেল ৪টে নাগাদ খাবার কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়।
দেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অবরোধ করা হয় বারুইপুর-আমতলা রাস্তা। একইসঙ্গে সূর্যপুর স্টেশনেও রেল অবরোধ শুরু হয়। ফলে শিয়ালদহ-নামখানা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালীন এক যুবককে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চার যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে।
ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী। বেলা ১২টা নাগাদ পুলিশ দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে।
নিহত কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারকে ভবানীভবনে দেখা করতে বলেছেন তিনি।