পটাশপুরে স্কুলে যৌন হেনস্থার অভিযোগ, বায়োলজি শিক্ষক গ্রেফতার, প্রধান শিক্ষকের বিরুদ্ধেও FIR
পূর্ব মেদিনীপুর, ৫ জুলাই: ভূপতিনগরের ইচ্ছাবাড়ি থানা হাইস্কুলে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন স্কুলের বায়োলজির শিক্ষক তুহিন কান্তি ভুঁইয়া। অভিযোগ, একাদশ শ্রেণি থেকে ওই ছাত্রীকে ‘আলাদা নজরে’ দেখতেন তিনি। স্পেশ্যাল ক্লাসের নাম করে ভাড়া বাড়িতে ডেকে হেনস্থা করতেন। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও।
নির্যাতিতা ছাত্রীর লিখিত অভিযোগ অনুযায়ী, একাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই ওই বায়োলজি শিক্ষক তাকে টার্গেট করেন। স্পেশ্যাল ক্লাসের প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাড়িতে ডাকতেন। সেখানে জোর করে জড়িয়ে ধরা এবং যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে ওই ছাত্রী।
হেনস্থা সহ্য করতে না পেরে ছাত্রী টিউশন যাওয়া বন্ধ করে দেয়। অভিযোগ, এরপর ফোনে উত্যক্ত করতে শুরু করেন ওই শিক্ষক। পরে জানা যায়, ক্লাসের আরও কয়েক জন ছাত্রীও একই ভাবে ওই শিক্ষকের লালসার শিকার হয়েছে।
ছাত্রীদের দাবি, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়েছিল। কিন্তু তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। উল্টে ছাত্রীদের চুপ থাকতে বলে বকাঝকা করেন বলে অভিযোগ।
মানসিক ভাবে ভেঙে পড়ায় ছাত্রীটি ঘটনার কথা পরিবারকে জানায়। এরপর শুক্রবার ওই ছাত্রীর মা পটাশপুর থানায় বায়োলজি শিক্ষক ও প্রধান শিক্ষক — দু’জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়েই রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বায়োলজি শিক্ষক তুহিন কান্তি ভুঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। প্রধান শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
ভূপতিনগরের ইচ্ছাবাড়ি থানা হাইস্কুলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।