কলকাতা, ৫ জুলাই: ভোটের ফল প্রকাশের ঠিক দু’মাস পর পরাজয় মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তিনি। তবে একইসঙ্গে ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে সরকারের দায়িত্বের কথাও মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী।
‘আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁকে অনেক শুভেচ্ছা’
৪ মে, ভোটের ফল প্রকাশের দিন থেকে পরাজয় মানতে চাননি মমতা। তাঁর বক্তব্য ছিল, তৃণমূল হারেনি। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। সেই যুক্তিতে রীতি মেনে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগও করেননি তিনি।
তবে শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশে সোস্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে মেনে নিয়ে মমতা বলেন, “যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁকে আমার অনেক শুভেচ্ছা।”
তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূলের কর্মীদের উপর ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ করেন মমতা। নতুন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, “অত্যাচার করবেন না। এক দিন ফিরেও আসতে পারে। সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে।”
নেতাকর্মীদের চাঙ্গা করতে মমতা বলেন, “ভাবছেন কি, আমি মরে গিয়েছি? সরকার, কমিশন পক্ষে আছে বলে প্রতীক নিয়ে নিতে পারেন। তাতে কী যায় আসে! নতুন করে প্রতীক নিয়ে বুকে ঝুলিয়ে মানুষের কাছে যাব।”
বাইপাসের ধারে দলের যে অফিস নিয়ে টানাটানি চলছে, মমতা দাবি করেন, ওই বাড়ির উপরে ২০২৭ সালের অগস্টের পর্যন্ত তাঁদেরই অধিকার রয়েছে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর রাজনৈতিক অতীত মনে করিয়ে মমতা বলেন, “আপনি তৃণমূল করেননি, তা তো নয়। আপনি কংগ্রেস করতেন। অনেক বার হেরেছেন। আপনার জন্য আমি বারবার লড়েছি। এর জন্য কৃতিত্ব নিচ্ছি না।” সেই সঙ্গেই তৃণমূল তাঁকে যে সব দায়িত্ব দিয়েছিল, সে সবেরও উল্লেখ করেন তিনি।
২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে মমতা বলেন, “কর্মসূচি হবে। পুলিশ এখনও অনুমতি দেয়নি। তা পেলে জানিয়ে দেব।” এদিন ফেসবুক লাইভে দলত্যাগী ও বিদ্রোহীদের উদ্দেশেও বার্তা দেন তিনি।