কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চললো গুলি, আহত ৩ ফুল বিক্রেতা
বারাণসী, ৪ জুলাই: উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে আতঙ্ক। শনিবার মন্দিরের গেটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন তিনজন ফুল বিক্রেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দু ফারিয়া লেনে ভিড় নিয়ন্ত্রণের সময় আচমকাই নিরাপত্তারক্ষীর সার্ভিস রিভলভার থেকে দু’টি গুলি বেরিয়ে মাটিতে লাগে। ডিসিপি (কাশী জোন) গৌরব বানসওয়াল জানান, “দু’টি গুলি ভুলবশত মাটিতে লাগে। গুলিতে তিনজন ফুল বিক্রেতা আহত হন। একজনের হাতে, একজনের কোমরে এবং একজনের পায়ে আঘাত লাগে। কেউ গুরুতর আহত হননি।”
অতিরিক্ত পুলিশ কমিশনার শিবহারী মীনা জানিয়েছেন, গুলি মাটিতে লাগার পর পাথরের টুকরো ছিটকে গিয়েও হকাররা আহত হয়ে থাকতে পারেন।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা বিপদমুক্ত।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থানের চত্বরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলি বেরোনোর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, “ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত ও ত্রুটিমুক্ত করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”