ভিয়েতনামে স্পিডবোট বিপর্যয়, নিহত ১৫ ভারতীয় পর্যটক। শোকপ্রকাশ মোদীর, হ্যানয়ে কন্ট্রোল রুম খুলল দূতাবাস
নিজস্ব প্রতিবেদক, ১১ জুলাই, নয়াদিল্লি : বিদেশে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে স্পিডবোট উল্টে প্রাণ হারালেন ১৫ জন ভারতীয় পর্যটক। শনিবারের এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্তদের সাহায্যে হ্যানয় ও হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় দূতাবাস।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ ‘ওশান পার্ল আইল্যান্ড কোম্পানি’-র একটি স্পিডবোটে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্য হোন মে রুত দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে আসছিলেন।
হোন মে রুত থেকে মাত্র ৪০০ মিটার দূরে আচমকাই নৌকাটি উল্টে যায়। যাত্রীরা সমুদ্রে ছিটকে পড়েন। পাশের নৌকাগুলি দ্রুত উদ্ধারে নামলেও উত্তাল ঢেউ এবং বোটের ভেতরে কয়েকজন আটকে পড়ায় উদ্ধারকাজে সমস্যা হয়।
প্রাথমিক অনুমান, সমুদ্র খুব বেশি উত্তাল থাকার কারণেই এই দুর্ঘটনা।
খবর পাওয়ার পরই এক্স-এ শোকবার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, _”ভিয়েতনামের এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
তার নির্দেশে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহতদের পরিবারকে তথ্য ও সাহায্য দিতে হ্যানয় ও হো চি মিন সিটিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বিষয়টি জানার পরই দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে জরুরি বৈঠক করেন রাজ্যের আইটি ও শিক্ষামন্ত্রী নারা লোকেশ । তিনি আধিকারিকদের নির্দেশ দেন, ভিয়েতনামের দূতাবাস ও কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সবরকম চিকিৎসা ও সরকারি সাহায্য পৌঁছে দিতে।
ফু কোকের মে রুত দ্বীপপুঞ্জ স্বচ্ছ জল ও সাদা বালির জন্য পর্যটকদের প্রিয় জায়গা। শনিবার রোদ ঝলমলে আবহাওয়া দেখে অনেকেই বোট রাইডে গিয়েছিলেন। কিন্তু সমুদ্রের নিচের চোরাস্রোত ও প্রবল ঢেউ কেড়ে নিল ১৫টি প্রাণ।