শান্তিপুর, ৩ জুলাই ২০২৬: নদিয়ার শান্তিপুরের নতুন পাড়া জনকল্যাণ বুনিয়াদি শিক্ষালয়ে মিড-ডে মিলের খাবার নিয়ে গুরুতর অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মিড-ডে মিলের কর্মীদের দাবি, ছাত্রছাত্রীদের জন্য আনা মাংস ও খাবার সরিয়ে স্কুলের ভেতরেই এক শিক্ষকের বিবাহবার্ষিকীর ভোজের আয়োজন করা হচ্ছিল।
এই অভিযোগ সামনে আসতেই স্কুল চত্বরে শিক্ষক ও মিড-ডে মিল কর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। কর্মীদের পাল্টা অভিযোগ, প্রতিদিন রান্না করা খাবারের একাংশ বাড়িতে নিয়ে যান তাঁরাই। শিক্ষকদের বক্তব্য, কোনো খাবার সরানো হয়নি, বরং মিড-ডে মিল কর্মীরাই নিয়মিত পড়ুয়াদের খাবারে ভাগ বসান, এমনকি বালতিতে করে বাড়িতেও নিয়ে যান। আমরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে আসছি, কোনো রকম পরিবর্তন হয়নি, নিজেদের অপরাধ আড়াল করতে আমাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
দুই পক্ষের তর্কাতর্কি চরমে উঠলে শান্তিপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে স্কুলে জড়ো হন অভিভাবক ও স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পড়ুয়ারা নির্ধারিত পরিমাণ ও মানের খাবার পাচ্ছে না। অনেক সময় রান্না করা খাবার স্কুলের বাইরে চলে যেত বলেও দাবি করেন কয়েকজন অভিভাবক।
উল্লেখ্য, একই সময়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া এবং মেনু থেকে আমিষ বাদ দিয়ে ডাল-রাজমা রাখার বিষয়ে মামলা চলছে। তার মধ্যেই নদিয়ার এই ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিল।