ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণ খাড়ে জমজমাট রথ প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা
পটাশপুর, ২৪ জুলাই, muthokotha.in: উল্টো রথের আগের দিন বৃহস্পতিবার বিকেলে উৎসবের আবহে মেতে উঠল পটাশপুর ২ ব্লকের দক্ষিণ খাড় এলাকা। দক্ষিণ খাড় স্টার ক্লাবের উদ্যোগে এগরা-বাজকুল রোডের দক্ষিণ খাড় বাসস্ট্যান্ডে আয়োজিত হল রথ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
বিকেল ৩টেয় শুরু হয় বর্ণাঢ্য রথ প্রতিযোগিতা। ছোট-বড় মিলিয়ে মোট ১৫০টি রথ অংশগ্রহণ করে এদিন। খাড় এলাকার প্রায় প্রতিটি গ্রাম থেকে রথ আসে। দূর-দূরান্ত থেকেও বহু রথশিল্পী যোগ দেন এই প্রতিযোগিতায়।
সারাদিনের ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ছাতা মাথায় নিয়ে রাস্তার দু’পাশে ভিড় জমান। রথের চাকার শব্দ আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মানুষের উৎসাহ ছিল সত্যিই নজরকাড়া।
প্রতিযোগিতায় সেরা ৩৬টি রথকে মোট ১ লক্ষ টাকা পুরস্কার ও স্মারক সম্মান দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত রথকে ২০০ টাকা করে বিশেষ পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়।
রথের পাশাপাশি মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয় এলাকার কৃতি শিক্ষার্থীদের। ” দীপ্তজিৎ মণ্ডল স্মারক সম্মান ২০২৬ ” দিয়ে মোট ১৫ জন ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্রের পাশাপাশি একটি করে রক্তচন্দন গাছের চারা।
অনুষ্ঠান মঞ্চ থেকেই সামাজিক দায়বদ্ধতার নজির রাখল স্টার ক্লাব। ক্লাবের কর্ণধার আনন্দগোপাল আচার্য জানান, “আমাদের ক্লাব সারা বছর ধরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আজ এই মঞ্চ থেকে একজনকে ট্রাই সাইকেল, একজনকে বিবাহ এবং দু’জনকে অসুস্থতার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হল।”
ক্লাব সদস্য অর্ণব মিশ্র বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সেইসঙ্গে বছরে দু’বার, রথ ও সরস্বতী পুজোর সময় আমরা সামাজিক কাজের সঙ্গে নান্দনিক আয়োজনও রাখি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরজাকান্ত নন্দ। উপস্থিত ছিলেন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক, বিশিষ্ট সমাজসেবী নরনারায়ণ দাস, কমল কুমার পণ্ডা, দেবাশিস আচার্য এবং বারবাটিয়া হাইস্কুলের শিক্ষক পবিত্র কুমার পাত্র প্রমুখ।
ধর্মীয় উৎসব, সংবর্ধনা ও মানবসেবা – তিনের মেলবন্ধনে দক্ষিণ খাড় স্টার ক্লাবের এই রথ উৎসব এলাকাবাসীর মনে এক আলাদা জায়গা করে নিল।