‘রথের টানে’ শ্রীরামপুরে জমল উৎসব: প্রথম বছরেই সাড়া ফেলল পটাশপুরের গ্রাম্য রথ প্রতিযোগিতা
মানস কুমার মাইতি, ১৬ জুলাই, এগরা: রথ মানেই উৎসব। আর সেই উৎসব এবার নতুন রূপে ধরা দিল এগরা মহকুমার পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর গ্রামে। বড় পুকুরের উত্তর পাড়ে গ্রামবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল রথের প্রতিযোগিতা “রথের টানে”।
প্রথম বছরেই সাড়া চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় অংশ নেয় শ্রীরামপুর, রামচন্দ্রপুর ও রামনগরের কচিকাঁচারা। রঙিন কাগজ, ফুল আর আলোয় সাজানো ছোট ছোট রথ টেনে নিয়ে আসে গ্রামের গলি দিয়ে। গ্রামবাসীদের উপস্থিতিও ছিল দেখার মতো।
জাতীয় স্তোত্র “বন্দেমাতরম” দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কমিটির আন্তরিক প্রচেষ্টায় প্রথম বছরেই জমে ওঠে গোটা আয়োজন।
এই উদ্যোগের মূল উদ্যোক্তা শ্রীরামপুর হরপ্রসাদ হাই স্কুলের প্রয়াত শিক্ষক স্বর্গীয় অনন্ত কুমার মাইতির সুযোগ্য পুত্র ও বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থসখা মাইতি। তিনি বলেন,”গ্রামবাসীদের সহযোগিতা পেয়ে আমরা অভিভূত। পরের বছর আরও বড় করে, আরও জাঁকজমকের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করার ইচ্ছে রয়েছে।”
প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক আশীষ কুমার রাউল ও মানস কুমার মাইতি। জুনিয়র ও সাব-জুনিয়র বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও নগদ পুরস্কার। অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।
প্রত্যন্ত এই গ্রামে আনুষ্ঠানিকভাবে এ ধরনের রথ প্রতিযোগিতা এই প্রথম। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান কমিটির সদস্যরা।