নিজস্ব প্রতিবেদক, ১২ জুলাই, কলকাতা: রাজনীতি আর সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করলেন বিজেপি নেতা ও পরিচালক শঙ্কুদেব পণ্ডা। রবিবার গঙ্গার বুকে জমকালো আয়োজনে বিয়ে সারলেন তিনি।
গঙ্গার ওপর ভাসমান ভেন্যুতে বসেছিল বিয়ের আসর। আমন্ত্রিত ছিলেন রাজনীতি, বিনোদন ও সংবাদজগতের বহু বিশিষ্ট ব্যক্তি। টুকটুকে লাল পাঞ্জাবি-ধুতি ও সোনার চেনে শঙ্কুদেব সাজলেন । লাল বেনারসি , মাথাভর্তি গয়না ও ফুলের সাজে নববধূ স্বর্ণালিও সাজলেন পছন্দের মানুষটির জন্য। বৈদিক মতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় সাতপাক, স্বাক্ষী থাকে বহমান গঙ্গা আর তার ব্যস্ত দুই পাড়।
বিয়ের আগের দিন ছিল গায়ে হলুদ। সেখানেও ছিল হলুদের ছোঁয়া। শঙ্কুদেব পরেছিলেন কাঁচা হলুদ পাঞ্জাবি-ধুতি, আর কনে সেজেছিলেন কাঁচা হলুদ শাড়ি ও ফুলের গয়নায়।
পাত্রী স্বর্ণালি সরকার পেশায় একজন সাংবাদিক । বেশ কয়েক বছর ধরেই তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় গুঞ্জন ছিল। অবশেষে রবিবার সেই সম্পর্ক পরিণতি পেল।
বিয়ে শুধু নয়, পরিচালক শঙ্কুদেব তার নতুন ছবির কথাও জানিয়ে দিলেন। ছবির নাম ‘অভয়া শক্তি’। বিষয়: আরজি কর কাণ্ড।
শঙ্কুদেবের দাবি, “আরজি কর নিয়ে এখনও বহু নতুন তথ্য সামনে আসছে। সব দেখাব ছবিতে। এটা শুধু ছবি নয়, এটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে।”
এই ছবির প্রযোজক হলেন রানা সরকার । অগস্ট মাস থেকে শুরু হবে ছবির শুটিং। কলকাতা ও কলকাতার বাইরের অভিনেতারা থাকবেন, তবে অভিনেতাদের নাম এখনও চূড়ান্ত হয়নি।
বিয়ের খবরের পাশাপাশি তার ছবির ঘোষণা নিয়েও তুমুল চর্চা। রাজনৈতিক নেতা হিসেবে যেমন তিনি সক্রিয়, তেমনই পরিচালক হিসেবেও বিতর্কিত ও আলোচিত বিষয়কে পর্দায় আনতে চাইছেন।