নিজস্ব প্রতিনিধি,লেকটাউন, কলকাতা : ফের লজ্জার ঘটনা শহরে। পড়ানোর নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।
সূত্র মারফত জানা গেছে, দিন চারেক আগে পড়ানোর জন্য ছাত্রীকে বাড়িতে ডেকেছিলেন ওই গৃহশিক্ষক। ছাত্রীর অভিযোগ, পড়ানোর “অছিলায়” তিনি তার সঙ্গে সময় কাটাতে চান।
অভিযোগ অনুযায়ী, পানীয়ের সঙ্গে মাদকজাতীয় কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ বোধ করে এবং অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে একাই বাড়ি ফিরে আসে এবং পরে পরিবারকে গোটা ঘটনা জানায়।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানা মামলা দায়ের করে। শনিবার অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়। রবিবার তাকে বিধাননগর আদালতে হাজির করানো হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। আদালতে যাওয়ার পথে অভিযুক্ত গৃহশিক্ষক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ” সবটাই মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে।”
পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ছাত্রীর বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।