“মাটনের বদলে চিকেন” – বিয়েবাড়িতে হুলস্থুল, মারামারিতে আহত ১২
নিজস্ব প্রতিনিধি, ১১ জুলাই, সহরসা, বিহার: বিয়ের ভোজে মাটন না পেয়ে রণক্ষেত্রে বদলে গেল বিয়েবাড়ি। কথা ছিল মাটন খাওয়ানোর, পাতে পড়ল চিকেন। আর তা নিয়েই বর-কনেপক্ষের মধ্যে শুরু হল তুমুল মারামারি। ঘটনায় আহত হলেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে রয়েছেন খোদ বরও।
বিহারের সহরসা জেলার সিমরী বখতিয়ারপুরের ১২ নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দা মহম্মদ আনোয়ারের ছেলে মহম্মদ আবদুল্লার সঙ্গে বিয়ে ছিল মহম্মদ জাভেদের মেয়ের।
শনিবার দুপুর ৩টে নাগাদ রীতিনীতি মেনে শান্তিপূর্ণভাবেই নিকাহ্ সম্পন্ন হয়। কিন্তু খাবার টেবিলে বসতেই শুরু অশান্তি।
মাটন বনাম চিকেন – তারপরই মারামারি
বরপক্ষের অভিযোগ, বিয়ের আগেই মেনুতে মাটন থাকবে বলে কথা হয়েছিল। কিন্তু পরিবেশনের সময় অতিথিদের পাতে দেওয়া হয় চিকেন।
এই নিয়েই প্রথমে বচসা, তারপর তর্ক। মুহূর্তের মধ্যে তা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। কনেপক্ষের লোকজন বরপক্ষকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়েবাড়ির চেয়ার-টেবিল ভেঙে পড়ে আছে। এক যুবকের হাতে তলোয়ার। অনেকের হাতেই লাঠি। মহিলারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়
এই ঘটনায় কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিমরী বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।