ভিয়েতনামে ভয়ঙ্কর দুর্ঘটনা, ফু কুয়ক দ্বীপের কাছে উল্টে গেল ৩২ জন ভারতীয় পর্যটককে নিয়ে নৌকা
নিজস্ব প্রতিনিধি, ১২ জুলাই,নয়াদিল্লি : বেড়াতে গিয়ে বড়সড় বিপদ। শনিবার ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে সমুদ্রে উল্টে গেল ৩২ জন ভারতীয় পর্যটককে নিয়ে যাওয়া একটি নৌকা। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তৎপর হয়েছে ভারতীয় দূতাবাস ও স্থানীয় প্রশাসন।
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস X-এ পোস্ট করে জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা উল্টে যায়।
দূতাবাসের বক্তব্য, “একটি মর্মান্তিক ঘটনায় কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা উল্টে গিয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। ঘটনার সঠিক বিবরণ সংগ্রহ করা হচ্ছে।”
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নৌকায় মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন।
কন্ট্রোল রুম খুলল কনস্যুলেট:
ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে হো চি মিন সিটিতে ভারতের কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
যোগাযোগের নম্বর:
- হো চি মিন: +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414
- হ্যানয়: +84 91 308 9165
দূতাবাস জানিয়েছে, যেকোনও ধরনের তথ্য বা সহায়তার জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।
বর্তমানে ভিয়েতনামের স্থানীয় প্রশাসন তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। হতাহতের সংখ্যা বা নিখোঁজদের বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
দূতাবাসের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।