নিজস্ব প্রতিনিধি,১১ জুলাই, দার্জিলিং: পাহাড়ি রাস্তায় অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেল। শহর থেকে রক গার্ডেন যাওয়ার পথে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারাল একটি চারচাকা। রাস্তার প্যারাপেট ভেঙে গাড়িটি খাদে ঝুলে পড়লেও সম্পূর্ণ নিচে পড়েনি। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন চালক।
দার্জিলিং শহর থেকে রক গার্ডেনের রাস্তা এমনিতেই চড়াই-উৎরাই ও খানাখন্দে ভরা। অনেকটা ঢাল বেয়ে নামতে হয় এই পথে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় গাড়িটির ব্রেক হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা রাস্তার ধারের গার্ড ওয়ালে ধাক্কা মারে। ধাক্কার জেরে প্যারাপেট ভেঙে গাড়ির অর্ধেকটা খাদের দিকে ঝুলে পড়ে।
মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় গাড়িতে শুধু চালকই ছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা। গাড়ি খাদে ঝুলে পড়লেও ভেতর থেকে তাকে খুব সাবধানে বের করে আনা হয়। আশ্চর্যজনকভাবে তিনি সম্পূর্ণ অক্ষত আছেন।
বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকলেও চালক সুস্থ থাকায় স্বস্তি ফিরেছে এলাকায়।
খবর পাওয়া মাত্রই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের সহযোগিতাতেই খাদে ঝুলতে থাকা গাড়িটিকে টেনে তোলা হয়। রাস্তা থেকে সরিয়ে আনা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ব্রেক ফেলকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।
জুন-জুলাই মাসে পাহাড়ে বর্ষার দাপট সবচেয়ে বেশি থাকে। প্রতি পদে ধসের আশঙ্কা। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর বারবার লাল ও কমলা সতর্কতা জারি করেছে।
এর মধ্যে রাস্তার অবস্থাও খুব খারাপ। খানাখন্দ, পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলেই মনে করছেন স্থানীয়রা।