আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসক ‘তিলোত্তমা’-র মৃত্যুর তদন্তে নতুন মোড়। রাজ্য ফরেনসিক ল্যাবে তাঁর ভিসেরা নমুনা নষ্ট করে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল পরিবার। প্রাক্তন এক ফরেনসিক আধিকারিক তিলোত্তমার বাবাকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছেন বলে দাবি। সেই চিঠি এবার শিয়ালদহ আদালতে জমা দিতে চলেছে পরিবার। সিবিআইকে দিয়ে অভিযোগের তদন্ত করানোর আর্জি জানানো হবে আজই।
চিঠিতে কী আছে?
পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে তিলোত্তমার বাবার নামে একটি চিঠি আসে। প্রেরক নিজেকে রাজ্য ফরেনসিক বিভাগের প্রাক্তন আধিকারিক বলে পরিচয় দিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে:
১) তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলীর ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছিল বিষক্রিয়া বা ঘুমের ওষুধ প্রয়োগ হয়েছে কিনা তা দেখতে।
২) রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক সেই নমুনা বদলে ফেলেছেন।
৩) রাজ্য ফরেনসিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানোর সময়ও নমুনা বদল করা হয়েছে।
৪) ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’- মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নমুনা নষ্ট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে চিঠিতে।
৫) পআরও দাবি, তৃণমূল জমানায় খুন হওয়া বিজেপি ও সিপিএম কর্মীদের ভিসেরাও ওই তিন আধিকারিক নষ্ট করেছেন।
তিলোত্তমার বাবা জানিয়েছেন, চিঠির সত্যতা যাচাই করতে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে আজই শিয়ালদহ আদালতের বিচারকের কাছে আবেদন জানানো হবে। সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আর্জি রাখবে পরিবার।
কেন গুরুত্বপূর্ণ ভিসেরা রিপোর্ট?
ধর্ষণ ও খুনের মামলায় ভিসেরা রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগে ভিকটিমকে বিষ, মাদক বা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা, তা এই পরীক্ষাতেই ধরা পড়ে। নমুনা নষ্ট বা বদলে গেলে গোটা তদন্তই প্রভাবিত হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
এই চিঠি ও অভিযোগ নিয়ে রাজ্য ফরেনসিক দফতর বা স্বরাষ্ট্র দফতরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্ত তিন আধিকারিকের নাম চিঠিতে উল্লেখ আছে কিনা, তা-ও স্পষ্ট করেনি পরিবার।
তিলোত্তমা-কাণ্ডে সিবিআই তদন্ত চলছে। এর মধ্যে ভিসেরা নষ্টের অভিযোগ সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হল। আদালত পরিবারের আর্জি মঞ্জুর করে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কিনা, সেদিকেই তাকিয়ে সব মহল।