আপনি যদি ফোনপে (PhonePe) অ্যাপ ব্যবহার করেন, তবে এই খবর আপনার জন্য জরুরি। অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে তাদের ওয়ালেট পরিষেবায় বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ওয়ালেট অব্যবহৃত ফেলে রাখলে প্রতি তিন মাসে ১০০ টাকা করে কেটে নেওয়া হবে।
নতুন নিয়ম কার জন্য প্রযোজ্য?
যেসব গ্রাহক ফোনপে ওয়ালেট ব্যবহার করেন কিন্তু দীর্ঘদিন লেনদেন করেন না, তাঁদের জন্যই এই নিয়ম। সংস্থা জানিয়েছে, সারা বছর ওয়ালেট নিষ্ক্রিয় রাখলে ‘ইনঅ্যাক্টিভেশন মেইনটেন্যান্স চার্জ’ হিসেবে ত্রৈমাসিক ভিত্তিতে টাকা কাটা হবে।
কতদিন ব্যবহার না করলে চার্জ কাটা হবে?
ফোনপের ঘোষণা অনুযায়ী, টানা ৩৬৫ দিন বা ১ বছর যদি কোনও গ্রাহক তাঁর ফোনপে ওয়ালেট থেকে কোনও আর্থিক লেনদেন না করেন, তাহলে সেই ওয়ালেট ‘নিষ্ক্রিয়’ বা ইনঅ্যাক্টিভ বলে গণ্য হবে।
নিষ্ক্রিয় ওয়ালেটের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর ১০০ টাকা জিএসটি সহ ফি কাটা হবে।
সংস্থার বক্তব্য, প্ল্যাটফর্মের নিরাপত্তা, নিয়মিত আপডেট ও গ্রাহক পরিষেবার মান উন্নত রাখতেই এই রক্ষণাবেক্ষণ ফি চালু করা হয়েছে।
শুধু লগ-ইন করলেই কি ওয়ালেট অ্যাক্টিভ থাকবে?
না। ফোনপে স্পষ্ট করেছে, শুধু অ্যাপে লগ-ইন করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ইউপিআই পেমেন্ট, মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট করলে ওয়ালেট অ্যাক্টিভ ধরা হবে না।
ওয়ালেট সচল রাখতে হলে সরাসরি ফোনপে ওয়ালেটে টাকা যোগ করতে হবে অথবা ওয়ালেটের ব্যালেন্স ব্যবহার করে পেমেন্ট করতে হবে।
টাকা কীভাবে কাটা হবে?
১. ১৫ দিনের নোটিস: ওয়ালেট নিষ্ক্রিয় হয়ে গেলে টাকা কাটার আগে ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। এই সময়ে ফোনপে একাধিকবার মেসেজ পাঠিয়ে সতর্ক করবে এবং ওয়ালেট চালু করার পদ্ধতি জানাবে।
২. ওয়ালেট ব্যালেন্স থেকেই কাটবে: ১৫ দিনের মধ্যে কোনও লেনদেন না করলে আপনার ওয়ালেটে থাকা ব্যালেন্স থেকেই ১০০ টাকা কেটে নেওয়া হবে।
ওয়ালেটে ১০০ টাকার কম থাকলে কী হবে?
যদি ওয়ালেটে ২০ বা ৫০ টাকার মতো কম ব্যালেন্স থাকে, তাহলে পুরো টাকাটাই কেটে নেওয়া হবে এবং ব্যালেন্স শূন্য হয়ে যাবে। তবে স্বস্তির খবর হল, ওয়ালেট ব্যালেন্স কখনও মাইনাস বা নেগেটিভ হবে না। অর্থাৎ আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা কাটা যাবে না।
চার্জ এড়ানোর উপায় কী?
এই জরিমানা এড়াতে ৩৬৫ দিন পূর্ণ হওয়ার আগে অথবা কোম্পানির সতর্কবার্তা পাওয়ার ১৫ দিনের মধ্যে ফোনপে ওয়ালেট ব্যবহার করে অন্তত একটি আর্থিক লেনদেন করুন। ওয়ালেটে টাকা অ্যাড করা বা ওয়ালেটের টাকা দিয়ে কোনও পেমেন্ট করলেই আপনার ওয়ালেটের স্ট্যাটাস ফের ‘অ্যাক্টিভ’ হয়ে যাবে এবং কোনও টাকা কাটা যাবে না।
ফোনপে ব্যবহারকারীদের এখনই নিজের ওয়ালেটের অবস্থা দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।