২ আগস্ট, কলকাতা, muthokotha.in: শনিবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর এক অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১ অগাস্ট, রাতের একটি প্রাইভেট ইভেন্ট চলাকালীন।
রাশিয়ার সংবাদ সংস্থা “রিয়ানোভস্তি” এবং ‘রয়টার্স’-এর খবর অনুযায়ী, এক অজ্ঞাত পরিচয় মহিলা বালঝি রজিল রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করেন। দরজায় থাকা সুরক্ষাকর্মীদের সন্দেহ হয় তাঁর হাতে থাকা একটি বাক্স নিয়ে। তাঁকে আটকাতেই মুহূর্তের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ।
ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি জানিয়েছে, ওই মহিলার কাছে IED বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ছিল। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান দুই সুরক্ষাকর্মী এবং ওই মহিলা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গার্ডরা জিজ্ঞাসা করলে মহিলা বলেছিলেন “ব্যাগে গিফট আছে”। সার্চ করার সময়ই বিস্ফোরণ ঘটে। গোয়েন্দারা সন্দেহ করছেন, দূর থেকে রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হতে পারে।
প্রাথমিকভাবে রাশিয়ার কিছু মিডিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও পরে তা নাকচ করে দেওয়া হয়।
রেস্তোরাঁর ছাদে একটি বিলাসবহুল অনুষ্ঠান চলছিল। নিরাপত্তারক্ষীদের তৎপরতার কারণেই বড়সড় নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধের আবহে মস্কোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এখনও মহিলার পরিচয় ও বিস্ফোরণের আসল উদ্দেশ্য জানা যায়নি। তদন্ত চলছে।