_শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে অনুদান আত্মসাতের অভিযোগে আট জনকে গ্রেপ্তারের পরই বড় ধাক্কা। আচমকা পদত্যাগ করলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তাঁর সঙ্গেই ইস্তফা দিয়েছেন ট্রাস্টের আরেক সদস্য অনিল মিশ্রা। এসআইটি-র তদন্ত রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার ওই আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন ইস্তফা?
_সূত্রের দাবি, ট্রাস্টের অন্দরে তৈরি হওয়া চাপ এবং অনুদান সংক্রান্ত তদন্তের মধ্যেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চম্পত রাই। কারচুপির অভিযোগ সামনে আসার পর নৈতিক দায় মাথায় নিয়েই পদত্যাগ করেছেন তিনি।
_এখনও পর্যন্ত চম্পত রাইয়ের বিরুদ্ধে সরাসরি কোনও ফৌজদারি মামলা হয়নি। তবে তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিষ্ঠানকে বিতর্ক থেকে দূরে রাখতেই তিনি দায়িত্ব ছেড়েছেন বলে জানা গেছে।
কে এই চম্পত রাই?
_চম্পত রাই দীর্ঘদিন রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের সময় থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মন্দির নির্মাণ, সমন্বয় এবং অনুদান সংগ্রহের তহবিল ব্যবস্থাপনায় তাঁর বড় ভূমিকা ছিল।
কী ধরনের অনিয়ম ধরা পড়েছে?
_তদন্তে উঠে এসেছে, রাম মন্দিরে জমা পড়া অনুদানের টাকা ও মূল্যবান সামগ্রীর হিসাব রাখায় বড় গরমিল রয়েছে। অনুদান গণনার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ও কর্মীর বিরুদ্ধে আত্মসাৎ ও আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে।
_তদন্তকারীদের দাবি, গণনার সময় সিসিটিভি বন্ধ রাখা হতো। এমনকি কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকও সন্দেহের তালিকায় রয়েছেন।
_কোন কোন ধাপে অনিয়ম?
১. অনুদান সংগ্রহ
২. নগদ টাকা গোনা
৩. জমা পড়া সম্পদের রসিদ দেওয়া
৪. অর্থ স্থানান্তর
_প্রতিটি ধাপেই অনিয়মের অভিযোগ মিলেছে। এই ঘটনায় ইতিমধ্যেই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।
Business