অলকেশ মাইতি, মেদিনীপুর, ১০ জুলাই ২০২৬ : বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে সিপিআই(এম) পার্টির রাজ্য নেতা এবং যুব সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহার ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে।
সূত্রের খবর ৯ জুলাই রাতে মেদিনীপুরে প্রাদেশিক কৃষক সভার কাউন্সিল অধিবেশন শেষ করে বাড়ি ফিরছিলেন তাপস সিনহা। পথের মধ্যেই কয়েকজন দুষ্কৃতী তার ওপর চড়াও হয় বলে অভিযোগ।
সিপিআই(এম) নেতৃত্বের দাবি, এই হামলার পেছনে বিজেপি এবং RSS-এর লোকজন জড়িত। হামলায় তাপস সিনহার ডান হাতে চোট লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে তাকে হাতে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে দেখা গেছে।
হাসপাতাল থেকে তাপস সিনহা বলেন,
“আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করি। কৃষকদের দাবি নিয়ে সভা করে বাড়ি ফেরার পথে এই ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে বিরোধীদের গলা টিপে ধরতে চাইছে তারা। আমি ভয় পাই না। এই আক্রমণের উপযুক্ত জবাব রাজ্যের মানুষই দেবেন।”
তিনি আরও জানান, ঘটনার সময় ৩-৪ জন তাকে ঘিরে ধরে মারধর করে এবং প্রাণে মারার হুমকিও দেয়।
ঘটনার পরই সরব হয়েছে বাম নেতৃত্ব। সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী বিবৃতি দিয়ে এই হামলার তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, “এটি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে।”
ঘটনার খবর পেয়ে মেদিনীপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তাপস সিনহার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।
একজন ‘নিরপরাধ সজ্জন প্রবীণ বাম নেতা’র ওপর এই হামলার ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পুলিশি তদন্ত কোন দিকে যায় সেদিকেই এখন সবার নজর।