নিজস্ব প্রতিনিধি, ১২ জুলাই,কলকাতা: ৯ বছর বয়সে অর্থাভাবে হোমে রেখে আসা মেয়েকে ১৪ বছর পর ফেরাতে গিয়েও খালি হাতে ফিরলেন এক মা। কলকাতা হাইকোর্টেও মেয়ে স্পষ্ট জানিয়ে দিল – “বাড়ি যাবই না”।
আদালত সূত্রে খবর, ৯ বছর বয়সে অর্থাভাবের কারণে মেয়েকে হোমে রেখে আসে পরিবার। পশ্চিম মেদিনীপুর চাইল্ড রাইটস কমিশন তাকে সাবালক হওয়ার পর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় এরপর কিছুদিন বাড়িতে থাকার পর আচমকাই তরুণী আবার সেই হোমে ফিরে যান।
পরিবারের অভিযোগ, হোম কর্তৃপক্ষ মেয়েকে “ভুল বুঝিয়েছে”। তাই তাকে ফেরাতে মামলা করেন মা। মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্য-এর এজলাসে।
বিচারপতি একান্তে তরুণীর সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও মত বদলায়নি। ২৩ বছরের তরুণী সাফ জানিয়ে দেন তিনি বাড়ি ফিরতে চান না।
শেষে হাইকোর্ট নির্দেশ দেয়, তরুণী হোমেই থাকবেন – তাকে থাকতে কেউ বাধা দিতে পারবে না। মেদিনীপুর কোতোয়ালি থানাকে নির্দেশ – হোমে গিয়ে কেউ অশান্তি করলে তা আটকাতে হবে।
হোমের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী জানান, “মেয়েটি এখন সাবালক। তিনি যদি বাড়ি যেতে চান আমাদের আপত্তি নেই। পরিবারকে আমরা বার বার আশ্বস্ত করেছি। কিন্তু তরুণী কোনও কারণে পরিবারের কাছে যেতে নারাজ।”
আইনজীবীদের একাংশের ধারণা, পরিবারের কাছ থেকে এমন কোনও আঘাত পেয়েছেন তরুণী, যার জন্য তিনি বাড়ি ফিরতে চাইছেন না। এই মামলার মাঝেই তরুণীর বাবার মৃত্যুও হয়েছে।