ফের নিয়োগ দুর্নীতি, চাকরি যাচ্ছে ৩ হাজার শিক্ষকের, বেতনও ফেরত নেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, ১১ জুলাই, পটনা, বিহার: পশ্চিমবঙ্গের পর এবার বিহার। সরকারি স্কুলে চাকরি পেতে ভুয়ো ডিগ্রি ও নথি জমা দেওয়ার অভিযোগে বড়সড় পদক্ষেপের পথে নীতিশ সরকার। আগামী দিনে চাকরি হারাতে চলেছেন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষক।
প্রশাসন সূত্রে খবর, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিহারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছিল। সেই সময় অনেক চাকরিপ্রার্থী জাল সার্টিফিকেট ও ভুয়ো শিক্ষাগত যোগ্যতার নথি জমা দিয়ে চাকরি বাগিয়েছিলেন।
বিষয়টি সামনে আসতেই তদন্তে নামে রাজ্য ভিজিল্যান্স ব্যুরো। তাদের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, নিয়োগে বড়সড় অনিয়ম হয়েছে।
বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, ভিজিল্যান্সের তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ভুয়ো নথি দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত করা হবে। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরকে।”
শুধু চাকরি যাওয়াই নয়, অভিযুক্তদের কাছ থেকে এতদিনের বেতন ও ভাতাও আদায় করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফ.আই.আর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
খবর, সরকার পদক্ষেপ করার আগেই অনেক অভিযুক্ত শিক্ষক স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। তবে তাদেরও রেহাই নেই। মন্ত্রীর কথায়, পদত্যাগ করলেও বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে তাদের।
একসঙ্গে ৩ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার খবরে বিহারের স্কুল শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সরকারের যুক্তি, দুর্নীতি করে কেউ পার পাবে না।