দক্ষিণবঙ্গে দুর্যোগের দাপট, ৬ জেলায় কমলা সতর্কতা — বুধে ভারী বর্ষণ, শুক্রে উপকূলে ঝড়ের চোখরাঙানি
কালো মেঘে ঢেকেছে দক্ষিণবঙ্গের আকাশ। সোমবার দুপুরের পর থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি-সহ একাধিক জেলায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর ২৯ জুন সোমবার এই ছয় জেলায় কমলা সতর্কতা জারি করেছে। বাকি জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই। তাপমাত্রার বড়সড় বদল হয়নি।
তবে মঙ্গলবার থেকে দুর্যোগের দাপট বাড়বে বলে জানা গেছে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারে। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি দুর্যোগের আশঙ্কা। বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই কারণে উত্তরবঙ্গেও লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা বহাল থাকছে।
বৃহস্পতিবার পর্যন্ত চলবে দুর্যোগ, শুক্রে উপকূলে নজর থাকছে আবহাওয়া দপ্তরের।
আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় হলুদ সতর্কতা জারি থাকবে।
শুক্রবার থেকে ছবিটা বদলাতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কোন জেলায় কেমন সতর্কতা :
কমলা সতর্কতা: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
হলুদ সতর্কতা: হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর। এখানে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আকাশ আপাতত আংশিক মেঘলা। বর্ষা ঢুকলেও অস্বস্তি পুরোপুরি কাটেনি। হাওয়া অফিসের পরামর্শ, বজ্রগর্ভ মেঝের সময় খোলা মাঠ, গাছের নীচ ও জলাশয় এড়িয়ে চলুন। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও হোর্ডিং থেকে দূরে থাকুন।