৩১ জুলাই, কলকাতা, muthokotha.in: ঘনিষ্ঠতা, বিশ্বাসঘাতকতা আর রাজনীতি — তিনের মিশেলে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড এখন রাজ্যের সবচেয়ে চর্চিত ফাইল।
যে হাতকে বিশ্বাস করে কাজ দিতেন, সেই হাতই কী তুলে দিল সুপারি! বিরাট বিষ্ময়ের উন্মোচন হওয়ার পথ খোলার পথে, রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দেওয়া শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে অবশেষে দেখা দিল এক নাটকীয় মোড়।
শুক্রবার সিবিআই-এর জালে ধরা পড়ল এই হাইপ্রোফাইল ‘সুপারি কিলিং’-এর ২ মূল ষড়যন্ত্রকারী। আর তাদের গ্রেফতারির সাথে এবার উঠে এল রাজনৈতিক চক্রান্তের বিস্ফোরক ইঙ্গিত। এই ঘটনায় এবার গ্রেফতার হলেন দুই ভাই।
সিবিআই সূত্রে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হওয়া দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকর ছিলেন চন্দ্রনাথ রথের অত্যন্ত ঘনিষ্ঠজন। বছরের পর বছর তাঁর ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন এই সোনকর ভ্রাতৃদ্বয়।
এই মুহূর্তে তদন্তে উঠে এসেছে, এই ঘনিষ্ঠতাকেই কাজে লাগিয়ে তারা ভাড়াটে শুটারদের সুপারি দিয়েছিল। শুধু গতিবিধির খবর দেওয়া নয়, সরাসরি খুনের চুক্তিও করেছিল এই দুই ভাই।
তদন্ত মোড় নিল কল রেকর্ডের সৌজন্যে। সিবিআই-এর দাবি, ধৃত সাগর সোনকরের সঙ্গে একটি বিরোধী রাজনৈতিক দলের ল্যান্ডলাইন নম্বরে নিয়মিত যোগাযোগের পাকা প্রমাণ মিলেছে।
তার মানে কি এই খুনের পিছনে ছিল বৃহত্তর রাজনৈতিক মদত? এই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য। ধৃতদের শীঘ্রই কলকাতার বিশেষ আদালতে পেশ করা হবে।
বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক পরেই ৬ মে মধ্যমগ্রামের কাছে বাইকে আসা দুষ্কৃতীরা পয়েন্ট-ব্ল্যাঙ্কে ৩ রাউন্ড গুলি চালায় চন্দ্রনাথের ওপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রাজ্য পুলিশ তদন্ত চালালেও মামলার গুরুত্ব বুঝে, এই মামলার ভার নিয়ে সিবিআই গঠন করে ৭ সদস্যের SIT। এরপর UP, বিহার, বাংলা জুড়ে তল্লাশি শুরু হয়। এর আগেই ধরা পড়েছে রাজকুমার সিং, মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য, ‘মনু’, ‘টাইগার’ সহ একাধিক ভাড়াটে শুটার। বাজেয়াপ্ত হয়েছে খুনে ব্যবহৃত গাড়ি এবং বাইক।
চন্দ্রনাথ রথের মৃত্যু শুধু একটা খুন নয়। রাজনৈতিক মহল বলছে, গত ১৩ বছরে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই তালিকায় রয়েছেন প্রদীপ ঝা (২০১৩) ব্যক্তিগত সহকারী। স্ট্র্যান্ড রোডে তাঁর রহস্যমৃত্যু হয়। দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী (২০১৮)। ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। ঘনিষ্ঠ সহযোগী পুলক লাহিড়ী (২০২১) ।ভোটের সময় তাঁর মৃত্যু হয়। সর্বশেষ সংযোজন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (২০২৬) । প্রকাশ্যে গুলিতে তাঁকে খুন করা হয়।
সি বি আই নজর দিচ্ছে পাঁচটি দিকে। ১) শুটারদের সুপারির টাকা কোথা থেকে এল? ২) হাওয়ালার লিঙ্ক আছে কি? ৩) পর্দার আড়ালের আসল নির্দেশদাতা কে? ৪) সেই ল্যান্ডলাইন নম্বর কার? ৫) কোন্ বিরোধী নেতার সঙ্গে যোগ?
তদন্তকারীরা মনে করছেন, সাগর-সাহেবকে মুখোমুখি জেরা করলেই এবার খুলবে আসল রহস্যের দরজা।
নতুন সরকারের আমলের শুরুতেই ঘটে যাওয়া এই খুনের তদন্ত এখন শেষ পর্যায়ে। ওয়াকিবহাল মহলের মতে, আগামী কয়েকদিনে আরও বড় নাম সামনে আসতে পারে।