নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৮ জুলাই ২০২৬: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা নির্যাতন-খুন ও অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, সরকার এবার কড়া পদক্ষেপ নিয়েছে এবং এর মধ্য দিয়ে একটা বার্তা গেল যে কোনও অপরাধী আর রাজনৈতিক ছত্রছায়ায় বাঁচতে পারবে না।
শমীক ভট্টাচার্য কী বললেন?
বারুইপুরকাণ্ড প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন,
“‘সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কোনও অপরাধীকে আর ছেড়ে রাখা যাবে না। কোনও রাজনৈতিক নেতার আশীর্বাদে আর কেউ বাঁচতে পারবে না। এই ঘটনা সেটাই প্রমান করল।'”
একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটি পুরনো মামলার ফাইল নতুন করে খোলার আবেদন জানিয়েছেন।
কামদুনি ফাইল ওপেনের দাবি
শমীকবাবুর কথায়,
“‘একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি, কামদুনি কাণ্ডে যে ভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল, এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, ( অভিযুক্তরা ) বেকসুর খালাস পেয়ে গিয়েছিল কোর্ট থেকে, সেই ফাইল ওপেন করা হোক।'”
তাঁর অভিযোগ, কামদুনির ক্ষেত্রে তদন্তে গাফিলতি এবং রাজনৈতিক তোষণের কারণেই নির্যাতিতা পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। বারুইপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার যেন সরকার সব মামলায় সমান কড়া হয়, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।