‘ও অন্যায় করেছে, তাই গুলি খেয়েছে’ – অভিযুক্ত প্রভাসের এনকাউন্টারে মৃত্যুতে স্ত্রীও অনুতপ্ত নন
নিজস্ব প্রতিবেদক, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, ৮ জুলাই ২০২৬: বারুইপুরের সূর্যপুরে নাবালিকা নির্যাতন-খুনকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হওয়ার পর তার পরিবারের প্রতিক্রিয়া আরও একবার চাঞ্চল্য ছড়াল। ছেলের মৃত্যুতে যেমন মা অনুতপ্ত নন, তেমনই স্বামীর মৃত্যুতেও বিন্দুমাত্র শোক নেই স্ত্রীর। বরং তাঁদের কথায় উঠে এল দীর্ঘদিনের ক্ষোভ, অভিযোগ আর ঘৃণা।
‘ও ভালো স্বভাবের ছিল না’ – কী বললেন প্রভাসের স্ত্রী?
প্রভাস মণ্ডলের স্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি স্বামীর পাশে নেই। তাঁর অভিযোগ,
“ওর চরিত্রের দোষ ছিল। ভালো স্বভাবের ছিল না। মদ, গাঁজা, নেশা করত। খুব খারাপ প্রকৃতির মানুষ ছিল। বিয়ের পর অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তাই আমি ওর সঙ্গে থাকতাম না।”
তিনি আরও বলেন, “ওর এইভাবে মৃত্যুতে আমার এতটুকুও আক্ষেপ নেই। সমাজের একটা জঞ্জাল সাফ হল।”
স্বামীর মৃতদেহ নিতেও তিনি অস্বীকার করেছেন।