খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, সিসিটিভি ফুটেজ ভাইরাল, এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
খড়গপুরে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। মৃতের নাম সামশের বিশ্বাস, বাড়ি খড়গপুরের হাতিহল্কা গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে গ্রামের ভিতরেই আচমকা কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে সামশেরকে। লাঠি, রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন বিজেপি কর্মী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে এই হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, কয়েকজন যুবক ঘিরে ধরে এক ব্যক্তিকে বেধড়ক মারছে। সেই ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর গ্রামীণ থানার বিশাল পুলিশ বাহিনী। ভাইরাল ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
এই খুনের ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাতিহল্কা গ্রামে চাপা উত্তেজনা রয়েছে, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।