৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে খাড় রাইজিংসান ক্লাবে স্বাস্থ্য শিবির, ২৯১ জন থ্যালাসেমিয়া পরীক্ষা করালেন
১৪ আগস্ট, পটাশপুর, muthokotha.in: স্বাধীনতা দিবসকে শুধু পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজসেবার মাধ্যমে পালন করার নজির গড়ল পূর্ব মেদিনীপুরের পটাশপুর দুই ব্লকের খাড় রাইজিংসান ক্লাব। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার খাড় উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হল এক বিশাল বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির, চক্ষু পরীক্ষা ও সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শিবির।
সকাল থেকেই বিদ্যালয় চত্বর জুড়ে ছিল মানুষের ভিড়। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করালেন।
শিবিরের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন পটাশপুর দুই ব্লকের দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সন্দীপ দে। তিনি বলেন, _“স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক মুক্তি নয়, সুস্থ ও শিক্ষিত সমাজ গড়ে তোলাও স্বাধীনতার অন্যতম লক্ষ্য। রাইজিংসান ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাড় হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ মান্না, এগরা লায়ন্স ক্লাবের সভাপতি কিশোর বোস, উত্তর খাড় পঞ্চায়েতের সদস্যা আল্পনা সিংহ মালি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রণতোষ আচার্য, রাইজিংসান ক্লাবের আজীবন সদস্য পশুপতি মাইতি ও সুরেশ চন্দ্র গিরি, লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শিবিরের প্রধান আকর্ষণ ছিল থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মতো পূর্ব মেদিনীপুরেও থ্যালাসেমিয়া একটি বড় সমস্যা। সচেতনতার অভাবে অনেক পরিবারই এই রোগ সম্পর্কে জানেন না।
রাইজিংসান ক্লাবের উদ্যোগে এবং এগরা লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই পরীক্ষায় মোট ২৯১ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্ত পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পরবর্তীতে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এর ফলে বিয়ের আগে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম অনেকটাই রোধ করা সম্ভব হবে।
শুধু থ্যালাসেমিয়া নয়, সাধারণ মানুষের সুবিধার জন্য শিবিরে রাখা হয়েছিল আরও ৪টি বিভাগ। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন এবং বিনামূল্যে পরামর্শ ও প্রাথমিক ওষুধ দেন।
ক্লাবের কোষাধ্যক্ষ সঞ্জীব শীট জানান –” চক্ষু পরীক্ষা করান ১০৯ জন। চক্ষু রোগ বিশেষজ্ঞ ড. তরুণ জানা চোখের ছানি, দৃষ্টি সমস্যা ও চশমার পাওয়ার পরীক্ষা করেন। দন্ত পরীক্ষা করেন ৪৮ জন। দন্ত রোগ বিশেষজ্ঞ ড. অর্ণব মিশ্র দাঁতের ক্ষয়, মাড়ির রোগ ও মুখের স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেন। ৪২ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন শিশু রোগ বিশেষজ্ঞ ড. এন কে প্রধান। শিশুদের পুষ্টি, টিকাকরণ ও সাধারণ রোগ নিয়ে আলোচনা হয়।”
তিনি আরও জানান, ৫২ জন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ, সুগার ও সাধারণ শারীরিক পরীক্ষা করেন ড. অনিল মিশ্র ও ড. জ্যোতির্ময় মিশ্র।
মোট ৫৪২ জন মানুষ এই শিবির থেকে সরাসরি উপকৃত হয়েছেন।
শিবির শেষে রাইজিংসান ক্লাবের সভাপতি অপজিত পট্টনায়ক বলেন— “আমরা প্রতি বছর ১৪ আগস্ট এই ধরনের স্বাস্থ্য শিবির করে থাকি। স্বাধীনতা দিবস মানে দেশের মানুষের কল্যাণ। তাই এই দিনে আমরা মানুষের স্বাস্থ্যের কথা ভাবি। আজ ২৯১ জন থ্যালাসেমিয়া পরীক্ষা করিয়েছেন, এটা আমাদের কাছে বড় পাওনা।”
ক্লাবের সম্পাদক স্বাগতম আচার্য্য জানান, — “সারা বছর ধরেই আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। রক্তদান, বৃক্ষরোপণ, দুঃস্থদের সাহায্য, সব কিছুর মধ্যেই থাকার চেষ্টা করি।মানুষের আপদকালীন সমস্যায় যতটা সম্ভব পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।”
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের অন্যতম সদস্য ও সমাজসেবী মৃন্ময় মিশ্র। তিনিও ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
খাড় উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিশ্বজিৎ মান্না বলেন, — “ছাত্র-ছাত্রীরা আজ শুধু স্বাধীনতার ইতিহাস জানল না, স্বাস্থ্য সম্পর্কে সচেতনও হল। থ্যালাসেমিয়া পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ কাজ স্কুলে হওয়ায় অভিভাবকরাও উৎসাহ পেয়েছেন।”
এদিনের কর্মসূচিতে উত্তর খাড় গ্রাম পঞ্চায়েত সদস্যা আলপনা সিংহ মালিও উপস্থিত ছিলেন।
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে খাড় রাইজিংসান ক্লাব প্রমাণ করল, দেশপ্রেম শুধু কথায় নয়, কাজে দেখাতে হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে, বিশেষ করে থ্যালাসেমিয়া সচেতনতা ছড়িয়ে দিয়ে ক্লাব যে সামাজিক দায়িত্ব পালন করল, তা নিঃসন্দেহে অনুকরণীয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের শিবির করার পরিকল্পনা রয়েছে। স্বাধীনতার অমৃতকালকে তাঁরা চান সুস্থ, সচেতন ও শিক্ষিত সমাজ গড়ার কাজে লাগাতে।