কাশ্মীরে ঝরলো রক্ত! অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত হলেন পুলিশ কর্মী
২২ জুলাই ২০২৬, muthokotha.in: পহেলগাঁওয়ের ক্ষত এখনও শুকোয়নি। এর মধ্যেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। বুধবার দুপুরে অনন্তনাগের লালচক এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন পুলিশের এক হেড কনস্টেবল।
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ অনন্তনাগের জনবহুল লালচক এলাকায় পেট্রোলিং ডিউটিতে ছিলেন ওই হেড কনস্টেবল। সেই সময় বাইকে করে আসা জঙ্গিরা আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলি লাগার পরেই তাঁকে উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
এই ঘটনা আরও একবার উসকে দিল গত বছরের পহেলগাঁও কাণ্ডের স্মৃতি । ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাক জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে গুলি করে হত্যা করেছিল। গুলি করার আগে ধর্মবিশ্বাসও জানতে চাওয়া হয়েছিল বলে অভিযোগ। বেঁচে যাওয়া মানুষদের জঙ্গিরা বলেছিল, ‘মোদীকে গিয়ে বলিস…’।
সেই হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ফের একই উপত্যকায় রক্ত ঝরল।
কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কথা বলেছিল। এরপর থেকে পর্যটন ব্যবসাও ফুলে-ফেঁপে উঠছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পহেলগাঁও এবং এখন অনন্তনাগের হামলা উপত্যকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
আপাতত গোটা উপত্যকা জুড়ে জারি করা হয়েছে কড়া নজরদারি। পলাতক ঘাতক জঙ্গিদের ধরবার জন্য জোরদার তল্লাশি শুরু হয়েছে।