স্বামী ঘুমিয়ে বিছানায়, বিষধর সাপের ছোবল দিয়ে খুন করলো স্ত্রী : এমনই অভিযোগ এলো সামনে
১৮ জুলাই, Muthokotha.in : উত্তরপ্রদেশের মেরঠ এলাকায় স্বামী হত্যা করার চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই হৈচৈ পড়ে গেল। নীল ড্রামের মুসকান কাণ্ড কিংবা হানিমুনে খুনের অভিযুক্ত সোনম রঘুবংশীর ঘটনাকেও ছাপিয়ে গেল এই দামিনী নামের এক মহিলার নৃশংস মানসিকতা। দামিনীর বিরুদ্ধে অভিযোগ উঠলো , প্রেমিকের সঙ্গে মিলে ঘুমন্ত স্বামীকে বিষধর সাপ দিয়ে খুন করিয়েছেন তিনি।
হস্তিনাপুর থানা এলাকার বাসিন্দা অতুল পেশায় একজন স্কুল পরিচালক। ৭ বছর দামিনীর সঙ্গে প্রেম করেছেন তিনি। তারপর দামিনীর সঙ্গে বিয়ে হয় অতুলের। কিন্তু দামিনীর মন উড়তে থাকে অন্য আকাশে। সেই উড়ন্ত মনের নাগালে এসে পড়ে গাড়ির চালক। হ্যাঁ, বাড়িরই গাড়িচালকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে দামিনীর। এবার তো স্বামীকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ নতুন প্রেমের সাগর যে ছলছল করছে।
তাই স্বামীকে নিজের পথ থেকে সরাতেই দামিনী, তাঁর প্রেমিক গাড়িচালক এবং এক সাপুড়ে মিলে ছক কষে। কোনও অস্ত্র নয়, খুনের জন্য বেছে নেওয়া হয় বিষধর এক সাপ।
পূর্ব পরিকল্পনা মতো একদিন রাতে অতুল যখন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, তখন প্রেমিক গাড়িচালক চুপিসারে তাঁর বিছানায় সাপ ছেড়ে দেয়। সাপের ছোবলে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় অতুলের। সাপের ছোবলে মৃত্যু মানেই একটা দুর্ঘটনার তত্ত্ব উঠে আসবে এটাই ছিল ধারণা। এটা খুবই স্বাভাবিক দুর্ঘটনা” । প্রথমে কিন্তু পরিবার বা পুলিশের কোনো সন্দেহ হয়নি। কিন্তু তদন্তে নামতেই দামিনীর আচরণ পুলিশকে ভাবায়।
দামিনীকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য বেরিয়ে আসে সামনে। পুলিশ দামিনীকে গ্রেফতার করেছে। তবে মূল ষড়যন্ত্রকারী প্রেমিক গাড়িচালক এবং সাপুড়ে ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোঁজে একাধিক টিম তৈরি করেছে হস্তিনাপুর পুলিশ। পুলিশের দাবি খুব শীঘ্রই ধরা পড়বে দু’জন।
বিভিন্ন সংবাদমাধ্যমে হস্তিনাপুর থানার পুলিশ জানিয়েছে, দামিনীকে জেরা করে পুরো ষড়যন্ত্রের কথা জানা গেছে। প্রেমিককে পেতেই স্বামীকে সরানোর সিদ্ধান্ত নেন তিনি। সাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কে সরবরাহ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা প্রকাশ পেতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায় । তীব্র চাঞ্চল্য তৈরি হয় । মুসকান ও সোনমের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের নৃশংসতা দেখে আতঙ্কিত স্থানীয় মানুষজন। দামিনী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন । তাঁকে আদালতে তোলা হবে।