আগামী ২ বছর বাংলায় নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘নো এন্ট্রি’, বড় ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তর
নিজস্ব প্রতিনিধি, ১৪ জুলাই,কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদলের ইঙ্গিত। আগামী ২ বছর পশ্চিমবঙ্গে আর কোনও নতুন বেসরকারি স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং বা বিএড কলেজকে অনুমোদন দেওয়া হবে না। সোমবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
রাজ্যে পালাবদলের পর শিক্ষা দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠক হয় বিকাশ ভবনে। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বৈঠক শেষে সুকান্তবাবু সাংবাদিকদের বলেন, “আপাতত দু’বছর রাজ্যে নতুন করে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পারমিশন দেওয়া হবে না।”
কারণ হিসেবে তোলা হয়েছে – তৃণমূল আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। অভিযোগ, ইংরেজি মাধ্যম স্কুল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং-বিএড কলেজ, সব জায়গাতেই রেজিস্ট্রেশন, ফি নিয়ে কারচুপি হয়েছে। পড়ুয়াদের থেকে মোটা টাকা নিয়ে “শিক্ষাকে ব্যবসা” বানানো হয়েছে।
- পুরনো প্রতিষ্ঠান অডিট: রাজ্যে এখন যে বেসরকারি স্কুল-কলেজগুলি চলছে, সেগুলির অডিট রিপোর্ট ও যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হবে।
- শিক্ষাকে পণ্য নয়: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন – “শিক্ষাকে পণ্য হতে দেওয়া হবে না।” পরিকাঠামো উন্নয়ন ও মানোন্নয়নেই জোর দেবে নতুন সরকার।
- জাতীয় শিক্ষানীতি: রাজ্যে শীঘ্রই NEP 2020 চালু করার পরিকল্পনা রয়েছে।
এদিন সুকান্ত মজুমদার আরও জানান, তৃণমূল সরকারের আমলে PM-USHA প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন্দ্রে জমা পড়েনি। তাই কেন্দ্রের বরাদ্দ টাকা আটকে ছিল।
নতুন সরকার সেই সমস্ত সার্টিফিকেট কেন্দ্রে পাঠানোর কাজ শুরু করেছে। ফলে আগামী দিনে রাজ্যে কেন্দ্রীয় অনুদান ঢুকবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।