‘আইন সবার জন্য সমান’ – কণ্ডাক্টরের কড়া পদক্ষেপে বাস থেকে নামতে হল পরিবহন মন্ত্রীকে
নিজস্ব প্রতিনিধি, ১৪ জুলাই, ব্যাঙ্গালুরু : যিনি গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা দেখেন, নিয়ম ভাঙার জন্য তাঁকেই বাস থেকে নামিয়ে দিলেন এক কণ্ডাক্টর। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে এবং মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
কর্ণাটক রাজ্য সড়ক পরিবহন নিগম KSRTC-র একটি সাধারণ বাসে উঠেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। সঙ্গে ছিলেন তার নিরাপত্তা রক্ষী এবং কয়েকজন সহযোগী।
বাস ছাড়ার পর টিকিট চেক করতে আসেন কণ্ডাক্টর। মন্ত্রী এবং তার সঙ্গীদের কাছে টিকিট নেই দেখে কণ্ডাক্টর টিকিট কাটতে বলেন। মন্ত্রীর তরফে জানানো হয়, “আমরা VIP, টিকিট লাগবে না”।
কিন্তু কর্তব্যরত কণ্ডাক্টর স্পষ্ট জানিয়ে দেন – “KSRTC-র নিয়ম অনুযায়ী বাসে উঠলে সবার টিকিট কাটতে হবে। মন্ত্রী হলেও ছাড় নেই।”
কণ্ডাক্টরের সাফ জবাবের পর মন্ত্রী এবং তার দলের সঙ্গে কথা কাটাকাটি হয়। কণ্ডাক্টর নিজের অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত নিয়ম বাঁচাতে এবং বাকি যাত্রীদের অসুবিধা এড়াতে পরিবহন মন্ত্রীকেই পরের স্টপেজে বাস থেকে নেমে যেতে হয়।
সরকারি কর্মচারী হয়েও একজন কণ্ডাক্টর যে প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে নিয়ম মানিয়েছেন, এটা বিরল।কর্ণাটকে KSRTC বাসে MLA, MP, মন্ত্রীদেরও বিনামূল্যে যাতায়াতের কোনও ছাড় নেই। সবার জন্য টিকিট বাধ্যতামূলক।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কণ্ডাক্টরের সাহসের প্রশংসায় ভরেছে নেটপাড়া। অনেকে বলছেন “এটাই আসল গণতন্ত্র”।
ঘটনার পর পরিবহন মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি নিজেই বলেন, “কণ্ডাক্টর তার কাজ ঠিকই করেছে। নিয়ম সবার জন্য সমান। আমি গর্বিত যে আমাদের দপ্তরের কর্মীরা এত সৎ।”