দমদম, ১৩ জুলাই,উত্তর ২৪ পরগনা: সোমবার ভোর রাতে ফের রক্তাক্ত হল শহর। উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা অঞ্চলে গুলিতে খুন হলেন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত।
সূত্রের খবর, ভোর রাতে একটি বাইকে করে ঘটনাস্থলে এসেছিলেন রাজা দত্ত। সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর কয়েকটি গুলি করা হয় তাকে। গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি।
খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ অবস্থায় রাজাকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় আরও ২ জন দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
- ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে আটক করেছে।
- পুলিশ সূত্রে খবর, আটকরা প্রত্যেকেই পূর্ব পরিচিত এবং দুষ্কৃতিমূলক কাজে যুক্ত।
- প্রাথমিক তদন্তে উঠে আসছে পুরনো বিবাদের জেরেই এই খুন।
জানা যাচ্ছে, সুমন নামে এক দুষ্কৃতির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ভাঙচুরের পিছনে রাজা দত্তের হাত ছিল বলে অভিযোগ। এরপর থেকেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, সোমবার ভোরে রাজারই বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয়।
উল্লেখ্য, সুমন একসময় প্রাক্তন উত্তর দমদম পৌরসভা চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন এবং এলাকায় তৃণমূল করতেন বলে খবর।
দমদম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় আতঙ্ক থাকলেও পুলিশি টহল জোরদার করা হয়েছে।