নিজস্ব প্রতিনিধি, বারুইপুর, ৭ জুলাই ২০২৬: বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে বারুইপুরের এসপি অফিসে উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি সাফ জানালেন, “আমাদের লোকের যদি ওই সময়ের মধ্যে এক শতাংশও শিথিলতা থাকে, তবে কড়া পদক্ষেপ করা হবে।” ডিজি সিদ্ধনাথ গুপ্তকে ৭২ ঘণ্টার মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে গিয়ে প্রথমে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন। শুভেন্দু জানান, ওই যুবক নির্দোষ ছিলেন। বলেন, “ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট। নির্যাতিতার পরিবার আমার উপর আস্থা রেখেছে, এটাই আমার প্রাপ্তি।”
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ঘটনার দিন রাতে মিসিং ডায়েরি হওয়ার পর পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তার প্রতিটি ধাপ খতিয়ে দেখেছেন তিনি। ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছেন, তদন্তের গতিপ্রকৃতি, পুলিশের ভূমিকা-সহ পুরো ঘটনার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তাঁর কথায়, “ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ব্যবস্থা নিতে হবে।”
শুভেন্দু জানান, তিনি রাজ্যের সব থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। রাজ্য পুলিশের কর্তাদের নির্দেশ দিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। বলেন, “গোটা রাজ্যের সব থানার সঙ্গে যোগাযোগ করেছি। এই ধরনের ঘটনা আটকাতে হবে।”
স্থানীয়দের দাবি মেনে সূর্যপুরে অবিলম্বে পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, “প্রয়োজনে বাড়ি ভাড়া করে আউটপোস্ট করতে হবে। এক সপ্তাহ পর আমি যখন আসব, তখন ওই আউটপোস্ট উদ্বোধন করব।” এক সপ্তাহ পর ফের বারুইপুরে এসে দুই পরিবারের সঙ্গে দেখা করবেন এবং ক্ষতিপূরণের বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।
বারুইপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনায় মানবপাচার চক্রের যোগ মিলেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছিলেন স্থানীয়রা। সময়মতো পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে। ডিজি আগেই জানিয়েছিলেন, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে। এবার মুখ্যমন্ত্রীও একই সুরে কড়া পদক্ষেপের বার্তা দিলেন।