পুরুলিয়া, ৬ জুলাই ২০২৬: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীতে পুরুলিয়ায় প্রথম তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করতে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। ৬ জুলাই, সোমবার পুরুলিয়া শহরে ভারত সেবাশ্রম সংঘের মূল ফটকের ঠিক বাইরে মূর্তিটি উন্মোচন করা হবে।
ভারত সেবাশ্রম সংঘের সহ-সম্পাদক স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ জানান, পুরুলিয়ায় এর আগে সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির কোনও মূর্তি ছিল না। ১৯৪০ সালে সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজী মহারাজ শ্যামাপ্রসাদের গলায় মালা পরিয়ে তাঁকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক সম্পর্কের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
তিনি বলেন, “দেশ ও সমাজের প্রতি ডঃ মুখার্জির অবদান ও আদর্শকে স্মরণ করে রাখার জন্যই এই আবক্ষ মূর্তি উন্মোচন করা হচ্ছে।”
মূর্তিটি তৈরি করছেন পুরুলিয়ার প্রখ্যাত শিল্পী রাহুল দাস। ইতিমধ্যেই কাঠামো তৈরি হয়ে গিয়েছে। শনিবার মূর্তি ভারত সেবাশ্রম সংঘে এসে পৌঁছবে। শিল্পী রাহুল দাস বলেন, “এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি।”
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্যান্য বিধায়কদের।
সকালে প্রভাতফেরি, সঙ্গীতানুষ্ঠান ও মূর্তি উন্মোচনের পর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শ নিয়ে তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়েছে।
বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা বলেন, “আজ ভারতবর্ষ এগিয়ে চলেছে, তার জন্য সবচেয়ে বড় অবদান আমাদের মহান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির। বিগত সরকার তাঁর ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল। আমরা তাঁর কাজকে সামনে রেখে এগিয়ে যাব। রাজ্যজুড়ে অনুষ্ঠান হবে। ভারত সেবাশ্রম সংঘ যেভাবে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করছে তা সত্যিই বড় কাজ।”