দেশি মদের নেশায় বেহুঁশ, ১১ হাজার ভোল্টের তারে শুয়ে দোল খেলেন ব্যক্তি! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা
মদের নেশায় মানুষ কতটা বেপরোয়া হতে পারে, তার চূড়ান্ত নজির মিলল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। ১১,০০০ ভোল্টের হাই-টেনশন লাইনের উপর নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখা গেল এক মদ্যপ ব্যক্তিকে। প্রাণের ঝুঁকি তুচ্ছ করে তাঁর এই কাণ্ড দেখে শিউরে উঠেছেন নেটপাড়ার মানুষ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটি বেয়ে উপরে উঠে সরাসরি ১১,০০০ ভোল্টের তারে হাত দিচ্ছেন। এরপর দুটি তারের মাঝে আড়াআড়িভাবে শুয়ে পড়েন তিনি। পা দুটো একদিকে ঝোলানো, হাত দুটো মেলে তারের উপর রাখা। দেখে মনে হচ্ছে যেন খোলা আকাশের নিচে আরাম করে বিশ্রাম নিচ্ছেন। কখনও তারের উপর দুলছেন, কখনও বা ঘুমোচ্ছেন বলে মনে হচ্ছে। গোটা ভিডিও জুড়েই তাঁকে সম্পূর্ণ নির্বিকার অবস্থায় দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় ‘তাজা হাওয়া’ খাওয়ার জন্য ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন। এরপর কয়েক ঘণ্টা ধরে ১১,০০০ ভোল্টের লাইনের উপরেই শুয়ে ছিলেন তিনি। বড় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দফতর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়। প্রশাসনের আধিকারিকরা বারবার অনুরোধ করতে থাকেন যাতে তিনি নিচে নেমে আসেন।
ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়। কমেন্টে নেটিজেনদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। এক ব্যবহারকারী লিখেছেন, “বিশুদ্ধ বাতাস খেতে নয়, সোজা মৃত্যুকে ডাকতে গিয়েছিলেন উনি।” আরেকজনের মন্তব্য, “প্রমাণ হয়ে গেল দেশি মদের পাওয়ার ১১,০০০ ভোল্টের থেকেও বেশি।” তৃতীয় এক নেটাগরিক মজা করে লিখেছেন, “মাটিতে হাওয়া না পেয়ে একেবারে যমরাজের বারান্দায় গিয়ে শুয়ে পড়লেন।”
প্রসঙ্গত, এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করে muthokotha.in । তবে সোস্যাল মিডিয়ার দৌলতে মদের নেশায় এমন বিপজ্জনক কাণ্ডের ঘটনা নতুন করে মদ্যপানের ভয়াবহ পরিণতি সামনে এনেছে।