_চাকরি দেওয়ার টোপ দিয়ে এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকা। অভিযোগের তির হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের এক গ্রাম পঞ্চায়েত কর্মী অমল কান্তি সরকারের দিকে। প্রায় ছয় বছর কেটে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
_অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় কৃষক। তাঁর দাবি, প্রায় ছয় বছর আগে দুই ছেলেকে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে ২০ লক্ষ টাকা চান অভিযুক্ত অমল কান্তি সরকার। পরে জমি বিক্রি করে নগদ ৬ লক্ষ ৫০ হাজার টাকা অমলের হাতে তুলে দেন খগেন।
_অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার চাকরির আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা মেলেনি। পরে টাকা ফেরত চাইলে তা না দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত।
ভিডিও ভাইরাল :
_খগেন মণ্ডলের দাবি, টাকা লেনদেনের সময় তিনি গোপনে ভিডিও রেকর্ড করেছিলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অভিযুক্তকে টাকা নিতে দেখা যাচ্ছে বলে তাঁর দাবি।
থানায় অভিযোগ, তবু ব্যবস্থা নেই:
_খগেন মণ্ডল জানান, ২০২৪ সালে তিনি কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দেড় বছর কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
_ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।