‘সেবাশ্রয়’ বিতর্কে ফের এফআইআর অভিষেকের নামে, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে তৃণমূল, তদন্তে নামল স্বাস্থ্য দফতর
কলকাতা, ৫ জুলাই: ‘সেবাশ্রয়’ প্রকল্প ঘিরে আরও বিপাকে ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের পর এবার বিষ্ণুপুর থানাতেও এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। তবে তৃণমূলের দাবি, পুরো ঘটনাটি ‘রাজনৈতিক প্রতিহিংসা’। পাশাপাশি স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।
এফআইআরে কাদের নাম?—
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুর থানার এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম রয়েছে তাঁর পিএ সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ এবং ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ একাধিক জনের।
বিএনএস-এর একাধিক ধারার পাশাপাশি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, পিসিপিএনডিটি অ্যাক্ট ও অ্যাটমিক এনার্জি অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
তৃণমূলের প্রতিক্রিয়া: ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলা’:–
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবে কোনো মন্তব্য করেননি। তবে তৃণমূলের এক মুখপাত্র বলেন, “সেবাশ্রয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। সরকার বদলের পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলা করা হচ্ছে। আদালতেই সব প্রমাণ হবে।”
তৃণমূলের দাবি, যে সব অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন। স্বাস্থ্যসাথী নিয়ে কারচুপির যে অভিযোগ প্রাক্তন কো-অর্ডিনেটর তুলেছেন, তা-ও ‘বিজেপির শেখানো’ বলে দাবি দলের।
স্বাস্থ্য দফতরের পৃথক তদন্ত:—
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘স্বাস্থ্য দফতর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্যপ্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ বা স্বরাষ্ট্র দফতরে পাঠিয়ে দেব।’
কী অভিযোগ ‘সেবাশ্রয়’ নিয়ে?:–
অভিযোগকারীদের দাবি:
- ভুয়ো চিকিৎসক: বিশেষজ্ঞ চিকিৎসকের নামে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ডেন্টালের পড়ুয়াদের দিয়ে রোগী দেখানো।
- বেনিয়ম: চিকিৎসা সরঞ্জাম ও ডায়গনাস্টিক পরীক্ষায় অনিয়ম।
- আর্থিক দুর্নীতি: কোটি কোটি টাকার দুর্নীতি ও স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার।
বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি ও ডায়মন্ড হারবারের বাসিন্দা শুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬টি ধারায় আগেই এফআইআর হয়েছিল। এবার ৬টি আইনের ২৭টি ধারায় নতুন করে এফআইআর রুজু হল।