এগরা-পটাশপুর-ভগবানপুর রুটে চালু হল SBSTC বাস পরিষেবা, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক
নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর, ৬ জুলাই ২০২৬: পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের জন্য সুখবর। এগরা-পটাশপুর-ভগবানপুর রুটে নতুন করে চালু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র বাস পরিষেবা। রবিবার এই পরিষেবার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ভগবানপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এগরা থেকে পটাশপুর হয়ে ভগবানপুর পর্যন্ত সরকারি বাস চালু করার। বেসরকারি বাসের অনিয়মিত পরিষেবা ও বাড়তি ভাড়ার কারণে নিত্যযাত্রী, পড়ুয়া এবং ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হত। SBSTC বাস চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা স্থানীয়দের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের প্রতিটি প্রান্তে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। এই বাস পরিষেবা চালু হওয়ায় এগরা, পটাশপুর ও ভগবানপুরের মানুষ সরাসরি উপকৃত হবেন। ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ কম খরচে নিরাপদে যাতায়াত করতে পারবেন।”
তিনি আরও জানান, আপাতত দিনে ৪টি করে বাস আপ ও ডাউনে চলবে। যাত্রীদের চাহিদা বুঝে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে।
রুট ও সময়সূচি:—
SBSTC সূত্রে খবর, নতুন এই রুটের বাস এগরা থেকে ছেড়ে পটাশপুর, মংলামাড়ো, কোটবাড় হয়ে ভগবানপুর পৌঁছবে।
এগরা থেকে প্রথম বাস:–সকাল ৬টা ৩০ মিনিট
ভগবানপুর থেকে শেষ বাস: –সন্ধ্যা ৬টা
ভাড়াও সরকার নির্ধারিত হারেই নেওয়া হবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SBSTC-র আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং বিশিষ্টজনেরা। নতুন বাস চালু হওয়ায় খুশির হাওয়া এলাকায়।